পূণ্যবতী হও
তুমি ন্যাপথলিনের মাঝে
সুখের গন্ধ খুঁজে পেতে চাও,
আমি দুঃখের পিপীলিকা লেলিয়ে দেই
তোমার জ্বলন্ত প্রদীপ শিখায়।
তুমি স্বস্তির নিঃশ্বাস ফেলো অবসরে
আমি অস্থির হয়ে উঠি প্রবল বাসনায়;
ভালবাসার চৌকাঠ থেকে লুকিয়ে থাকা
অবিশ্বাসের ঘুণপোকা
এক এক করে খুঁজে বের করি।
তুমি উদাস হয়ে যখন
আকাশের দিকে তাকিয়ে থাকো,
আমি মৌন প্রার্থনায়
বিক্ষিপ্ত মেঘগুলোকে জড়ো করি
বৃষ্টি কামনায়।
তুমি চাইলেই মনের জমিনে
সূতীক্ষ্ম লাঙলের ফলা বিদ্ধ হয়;
নিবিড় কর্ষণে রক্ত কণিকা নেচে ওঠে,
ক্ষুদ্র বীজ থেকে অঙ্কুরিত হয় পূণ্যের ফসল।
গোলা ভরার স্বপ্নে তুমি বিভোর।
আমি রাতারাতি মহাজন হয়ে উঠি।
অতঃপর, তুমি দ্বিধান্বিত! শঙ্কিত! একি পাপ!
অথচ, আমার ভেতরে আজন্ম লালিত সাধ-
তুমি আমার পাপেই পূণ্যবতী হও।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



