মন খারাপের গাছ
(শিরোনামটা আমারই এক লেখা থেকে ধার করা)
আমার মন বাগানে একটা মন খারাপের গাছ আছে। সেই গাছটা কবে কখন অনাদরে বেড়ে উঠেছে আমি নিজেও জানিনা। যখন জানতে পারলাম তখন আর সেটাকে আগাছা ভেবে উপড়ে ফেলতে পারিনি। সেই গাছ আজ শাখা-প্রশাখায় অনেক বড় হয়ে গেছে। হৃদয়ের উঠোনজুড়ে তার বিস্তৃত ছায়া। আমি সেই ছায়াকে সঙ্গী করে বেঁচে আছি। প্রকৃতিতে সারা বছর ধরে আছে ঋতুর পরিবর্তন কিন্তু আমার মন খারাপ গাছের তেমন কোন পরিবর্তন নেই। প্রকৃতিগত ভাবেই সে অনঢ়, অবিচল। আমার মনের আনন্দটুকু সে সর্বদা কার্বন-ডাই-অক্সাইড মনে করে শুষে নেয় আর তার নিজের দুঃখটুকু অক্সিজেনের মতো আমাকে অকাতরে বিলিয়ে দেয়। আমি প্রতি নিঃশ্বাসে তার নিবিড়তম ভালবাসা টের পাই। রোদ-বৃষ্টি-ঝড় সবকিছু উপেক্ষা করে সে দিব্বি আমাকে আশ্রয় করে দাঁড়িয়ে আছে। ঋতুর কোন পরিবর্তনেই তার ভ্রুক্ষেপ নেই। প্রচন্ড গরমে সে কাতর হয়না। বর্ষার অঝোর ধারায় সে নির্বিকার চিত্তে ভিজতে পারে । প্রচন্ড শীতে তার এতোটুকু রুক্ষতা নেই, একটা শুকনো পাতাও ঝরে পড়েনা। বসন্তকালে তার শাখায় শাখায় কোন ফুল ফোটেনা, কখনো কোন কোকিল ডাকেনা। সেই মন খারাপের গাছ আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। আমি যেন তার প্রহরায় ঘরের কোণে বন্দী। আমাকে সবসময় বিষণ্নতায় ভরিয়ে রাখে। আমাকে চোখ মেলে শিমুল, পলাশ কিংবা কৃষ্ণচূড়ার রঙ দেখতে পারিনা। আমি নীল আকাশের মাঝে শুধুই শূন্যতা টের পাই। কখনো সেই আকাশের দিকে তাকালে উদাস হয়ে যাই। আমি পাহাড়ের মাঝে শুধুই রুক্ষতা খুঁজে পাই, ঝর্ণার উচ্ছলতা চোখে পড়েনা। আমি সাগরের গভীর জলে মৃত্যুর হাতছানি দেখতে পাই, ঢেউয়ের গর্জনে কেমন দিশেহারা হয়ে পড়ি। আমি দুচোখ বন্ধ করলেই আমার হৃদয় উঠোনে সেই মন খারাপ গাছটার অস্তিত্ব টের পাই। ঈশ্বর যদি দয়া করে কোন কাঠুরীয়াকে পাঠাতেন আমার সেই মন খারাপের গাছটা কেটে ফেলার জন্য তবে আমার মনের প্রকৃতিতে সবুজে এতোটুকু ঘাটতি হতোনা। কিংবা ঈশ্বর যদি তোমাকেই মালিনী করে পাঠাতো আমার সেই গাছটা পরিচর্যার জন্য তবে দেখতে সেই মন খারাপের গাছেও থোকায় থোকায় আনন্দের ফুল ফুটতো। তুমি ভালবেসে একটু ছুঁয়ে দিলেই মন খারাপের গাছ থেকে ঝুরঝুর করে সুখ নামের তাজা ফুলগুলো ঝরে পড়তো। তুমি সেই ফুলে যত্ন করে মালা গেঁথে খোঁপায় পড়তে। আমি চেয়ে চেয়ে দেখতাম। দু’চোখ ভরে দেখতাম। হয়তো প্রথম আমার মন খারাপের গাছটা খুশীর ছোঁয়ায় একটু হলেও দুলে উঠতো। বসন্ত কি তা টের পেতো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


