আমার আত্মারাম আজ খাঁচায় বন্দী ছিল
অফিস ন’টায়। অফিসের গাড়ী আসে সাড়ে আট’টায়। ঘুম থেকে উঠতে হয় সাড়ে সাতটা/পৌণে আট’টায়। বাথরুম, গোছল, নাস্তা ও রেডী হতে হতে প্রায়ই সাড়ে আটটা বেজে যায়। বাসায় নাস্তার পর সকালের চা’টা আর খাওয়া হয়না। অফিসে যেয়েই চা খেতে হয়। তাড়াহুড়ো করে কোনরকমে অফিসের গাড়ীটা যেন মিস না হয় সেটাই লক্ষ্য থাকে। অফিসের গাড়ী মিস করলে বনানী থেকে মতিঝিল আসাটা যে কতটা ঝক্কির সেটা হাতে নাতে টের পাই। ভীড় ঠেলে বাসা উঠার ইচ্ছে থাকেনা। হয় সিএনজি নয়তো ক্যাব দুটোর একটাই ভরষা।
আজ ঘুম থেকে উঠতে একটু দেরী হওয়ায় যথারীতি অফিসের গাড়ী মিস করি। ন’টার দিকে বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিই মতিঝিলের উদ্দেশ্যে। চালক মাঝ বয়সী কিংবা একটু বেশী। ভাড়া চাইলো একশ টাকা। রান্তায় প্রচন্ড জ্যামের কারণে সে মিটারে যাবেনা। অগত্যা রাজী হয়ে গেলাম। কারণ তখন অফিসে আসাটাই মুখ্য। রাস্তা ছোট, বড়, মাঝারি ধরণের জ্যাম ঠেলে মহাখালি, সাতরাস্তা, মগবাজার পার হয়ে কাকরাইলের দিকে মোড় ঘুরে যেতেই হঠাৎ বিকট শব্দ প্রচন্ড ঝাঁকি খেলাম। সিএনজি একদিকে কাত হয়ে গেল। বাম পাশের চাকাটা যথারীতি পাংচার হয়ে সিএনজি’র দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় গড়িয়ে গেল। আমি শব্দ ও ঝাঁকি খেয়ে ভ্যাবাচাকা খেয়ে সিএনজি’র গ্রীল ধরে বসে থাকলাম।
সিএনজিটা খোঁড়াতে খোঁড়াতে রাস্তায় থেমে গেল। চালক কোন রকমে সিএনজিটা রাস্তার বামপাশে দাঁড় করালো। আমি তখনো সিএনজি’র ভেতর খাঁচাবদ্ধ অবস্থায় শক্ত হয়ে বসে আছি। চালক আমাকে সিএনজি’র খাঁচা থেকে বের না করেই দৌড়ালো তার সিএনজি’র খুলে যাওয়া চাকার পেছনে। সিএনজি খুব বেশী স্পীডে না থাকায় আর পেছনে আজরাইল চালিত কোন ট্রাক কিংবা বাস না থাকায় এই যাত্রা কোন রকমে রক্ষা পেলাম। ভাবলাম সিএনজি’র বদ্ধ খাঁচা থেকে এই অভাগার আত্মারাম আজ খাঁচাছাড়া হলেও হতে পারতো। তবে রাখে আল্লাহ মারে কে? অবশেষে সিএনজি’র খাঁচা থেকে বের হয়ে চালকের হাতে কাকরাইলের ভাড়া হিসেবে ষাট টাকা গুণে দিলাম। যদিও চালক খুব ভয়ে ভয়ে ছিল। ভাড়া চাইতে সাহস পাচ্ছিলনা, যদিও ভাড়াটা তার প্রাপ্য। আল্লাহর অশেষ রহমত পুরোপুরি অক্ষত অবস্থায় কোনমতে রক্ষা পেলাম।
অবশেষে কিছুদূর হেঁটে কাকরাইলের মোড় থেকে একটা রিক্সা নিয়ে অফিসে পৌঁছুলাম। মনে মনে স্মরণ করলাম আজ বুদ্ধিজীবি হত্যাদিবস। আমি আজ সম্পূর্ণ সুস্থ অবস্থায় তাঁদের আত্মার প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করতে পারছি সেজন্যে আল্লাহর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



