ভালবাসা এমনই কিছু
ভালবাসা কি- কখনো জানতে চেয়োনা,
কেউ পারেনি দিতে সহজ এ প্রশ্নের উত্তর;
আমিও পারবোনা। যদি চাঁদনী রাতে কখনো
একা বসে ভাবো কারো কথা, যদি কখনো মনে হয়-
পাশাপাশি বসে কেটে যাক কিছু অলস প্রহর,
যদি মনে হয়- কারো হাতের ছোঁয়ায় কেঁপে উঠুক
নিথর দুটি হাত, যদি বেজে ওঠে ঠুন ঠুন কিছু কাঁচের চুড়ি,
বুঝে নিও ভালবাসা এমনই কিছু।
যদি কখনো শ্রাবণের রাতে অঝোরধারায় ঝরে বৃষ্টি,
যদি স্মৃতির পাতায় ভেসে ওঠে কারো মুখ,
যদি চোখের কোণ বেয়ে গড়ায় দু'ফোঁটা অশ্রু,
যদি আঁচলে মুখ ঢাকো প্রলম্বিত দীর্ঘশ্বাসে,
বুঝে নিও ভালবাসা এমনই কিছু।
যদি ফাগুনের টানে মেতে ওঠো বর্ণিল উৎসবে,
যদি পহেলা বৈশাখে নিজেকে সাজাও অপরূপ সাজে,
যদি দু'চোখ মেলে খুঁজে বেড়াও কোন কাঙ্খিত মুখ,
যদি গালের আলপনা আরো বেশী রঙিন হতে চায়
কারো নিবিড় স্পর্শে, যদি খোঁপায় জড়ানো ফুল
আরো সজীব হয়ে ওঠে কারো দৃষ্টি বর্ষণে,
বুঝে নিও ভালবাসা এমনই কিছু।
যদি মনে হয় তুমি ভাবছো আনমনে কারো কথা,
যদি মনে হয় তোমারই মতো কেউ একজন ভাবছে
তোমারই কথা, যদি মনে হয়, তুমি চাইছো
কেউ পাশে এসে দাঁড়িয়ে বলুক "ভালবাসি" তোমায়,
যদি মনে হয় কেউ হাত বাড়িয়ে দিক তোমার দিকে,
যদি মনে হয় শক্ত করে চেপে ধরি তার দুটো হাত,
আমি নির্দ্বিধায় বলতে পারি, ভালবাসা এমনই কিছু।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


