ভাবনাগুচ্ছ - ৬
১
তোমার ছবি আঁকবো বলে রংতুলি সবই কিনলাম,
বাকি ছিল ক্যানভাস। তুমি কিছুতেই কিনতে দিলেনা,
বললে- আমাকে তোমার হৃদয়ে আঁকো।
আমি সেই থেকে ভাবনার পেয়ালায় রংতুলি ডুবিয়ে
এক মানবীর জীবন্ত ছবি আঁকছি।
২
তোমাকে কখনো আমি কোন ফুল উপহার দিইনি,
একটা লাল গোলাপের প্রত্যাশা ছিল তোমার অনেকদিনের।
তোমার জন্মদিনে ফুল কিনবো বলে ফুলের দোকানে গেলাম-
সব ফুলের মাঝেই দেখি তোমার মুখ, তোমার সুখ।
কী মূল্য দেবো সেই ফুলের, সেই সুখের?
৩
স্নান শেষে তোমার ভেজা চুল থেকে যখন জল গড়ায়,
শুকনো উঠোন তখন ভিজে ওঠে, আমাকেও ভেজায়।
বুঝতে শিখলাম বিন্দু বিন্দু জলেই গড়ে ওঠে সিন্ধু-
ভালবাসায় আপ্লুত হলে ধূসর মরুভূমিও হতে পারে,
সবুজ কোন মরুদ্যান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




