আমায় ক্ষমা করো
আমায় ক্ষমা করো।
তোমার যোগ্য হতে পারিনি কখনো-
না তোমায় ভালবেসে,
না তোমার কাছে এসে।
স্বপ্নের সূতোয় বোনা আশার মুকুল
ঝরে গেছে অগোচরে।
গেঁথেছি যত মালা নিভৃতে, নির্জনে-
দিতে পারিনি তুলে তোমার হাতে,
শুকিয়ে গেছে সবই নীরবে, গোপনে।
তবুও ছুটেছি তোমারই পানে-
থেমে গেছি পথে কাঁটার আঘাতে;
ঢেকে গেছে সে পথ রাতের আঁধারে,
তবুও ছুটেছি আমি তোমারই টানে।
হাতদুটো বাড়িয়ে দাওনি কখনো-
বলোনি মুখ ফুটে, কাছে এসো;
ছুঁতে চেয়ে সেই হাত,
ব্যর্থ হয়েছি বার বার-
উতলা হয়েছি এই ভেবে-
যদি একবার বলো- "ভালবাসি তোমায়"।
বলোনি, তুমি বলোনি।
মেঘে মেঘে ঢেকে যায় আকাশের নীল,
থেমে যায় সাগরের উত্তাল ঢেউ,
ফিরে যায় নীড়ে পাখী ক্লান্ত ডানায়,
ঝরে যায় সবুজ পাতা মাটির ধূলোয়,
আমি শুধু দিন গুনি,
দিন ফুরানোর দিন গুনি।
আমি কখনোই তোমার যোগ্য হয়ে উঠিনি-
আমায় ক্ষমা করো।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



