ছায়া মানব
আমি চোখে দূরবীন লাগিয়ে তোমার জানালা ছুঁয়েছিলাম, নাহ্ তোমাকে ছুঁতে পারিনি। অনেক চেষ্টা করেছিলাম তোমাকে ছোঁবার, কিছুতেই ছুঁতে পারিনি। তুমি আমি দুজনেই বহুতল ভবনের বাসিন্দা, আমাদের মুখোমুখি দুটো জানালা। কাঁচঘেরা জানালা। মাঝে মাঝে তোমার জানালার পর্দা সরে যায়। আলো প্রত্যাশী তুমি। আলোকিত হতে চাও, প্রস্ফুটিত হতে চাও আপন সৌন্দর্যে, আপন সৌরভে। আমার চোখ টানে। দূরত্বের কারণে ভাল করে দেখা হয়না। পুরস্কার পাওয়া দূরবীনটার কথা মনে হলো। দূরকে কাছে টানবার বাসনা মনে জেগে উঠলো। অতঃপর সেই দূরবীনে তোমাকে দেখি। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ালে তোমাকে দেখি, টিপ পড়লেও তোমাকে দেখি, শাড়ীর আঁচল বিন্যস্ত করলেও তোমাকে দেখি। নাহ্ খালি চোখে এভাবে তোমাকে কখনোই দেখা হতোনা। দেখতে পারতামনা। কারণ দুটো জানালার মাঝের দূরত্বকে কমিয়ে আনার মতো শক্তিশালী চোখের দৃষ্টি আমার নেই। তাইতো আমি তোমাকে আতসী কাঁচে দেখি। আমার শক্তিশালী দূরবীনে তোমাকে দেখি। তুমি কিন্তু আমাকে দেখতে পাওনা। হয়তো পাও, আমার জানালার এপাশে অন্ধকারটুকু দেখতে পাও। আর সেই অন্ধকারে মিশে থাকে অস্পষ্ট এক ছায়ামানব। আমার জীবন্ত ছায়া। তোমার কাছে অপরিচিত এক ছায়া। বারান্দায় হঠাৎ আলো জ্বলে উঠলেই আমি সরে যাই কারণ তখন আমার ছায়াটা বেশ কিছুটা উজ্জ্বল হয়ে ওঠে। তুমি আমাকে চিনে ফেলতে পারো।
নাহ্ আমি অত সহজে তোমার কাছে ধরা দেবোনা। আমি ধরা দিতে চাইনা। কারণ তুমি যখন জেনে যাবে দূরের কোন এক বহুতল ভবনের জানালা থেকে কোন এক ছায়ামানব তুমি জানালার পর্দাটা সরলেই তোমাকে নিয়মিত পর্যবেক্ষণ করে সেটা তোমার জন্য স্বাচ্ছন্দের কারণ হবেনা বরং একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। আমাকে তুমি খারাপ ভাববে। তবে তোমাকে এটুকু বলতে পারি আমার দৃষ্টিতে কোন অপবিত্রতা নেই। নেই এতোটুকু অশুভ চিন্তা। আছে শুধুই মুগ্ধতা। হ্যাঁ যা বলছিলাম, আমি তোমার জানালা ছুঁয়েছিলাম- তোমাকে কিন্ত ছুঁতে পারিনি। আমার দূরবীন তোমাকে দেখছিল। তোমার জানালা ছিল আমার হাতের নাগালে। আমি সেই জানালা ছুঁয়ে ছুঁয়ে দেখেছি। তবে মজার ব্যাপার কি জানো- আমি যখন চোখ থেকে দূরবীন নামালাম তখন দেখি আমি আমার ঘরের জানালা ছুঁয়ে আছি- তোমার জানালা নয়। দূরবীন চোখে নিতেই আমার জানালা ফোকাসের বাইরে চলে যাচ্ছিল বা “আউট অফ ফোকাস” হয়ে যাচ্ছিল আর তোমার জানালা আমার হাতের নাগালের মধ্যেই ছিল। নিজের ঝাপসা জানালাকে তোমার জানালা ভেবে আমি ছুঁয়ে ছুঁয়ে দেখেছি। আর ভাবছি হাতটা আরেকটু বাড়ালেই হয়তো তোমাকে ছুঁতে পারবো। তবে কাঁচের তৈরী দূরবীন আমাকে সবসময়ই বিভ্রান্ত করেছে। তোমাকে শুধু দেখেই গেছি, কখনো ছুঁতে পারিনি। আজ সেই তোমাকেই আমি ছুঁয়ে আছি- চোখে কোন দূরবীন নেই। আমার দুর্বল দৃষ্টি দূরবীনের শক্তিশালী দৃষ্টিকে হার মানিয়ে তোমাকে জয় করেছে। আর তুমি আমাকে দূরবীন ছাড়া করবে বলেই মনে মনে এক ছায়ামানবের কাছে পণ করেছিলে। কারণ তুমি জেনে গেছিলে দূরের ঐ জানালার ওপাশে একজন ছায়ামানব আছে। আর সেই ছায়ামানবের দৃষ্টি কাড়তেই নিয়ম করে তোমার জানালার পর্দা সরে যেতো। অথচ আমি কিছুই টের পাইনি। ছিঃ আমি এতো বোকা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

