আবার আসবেতো!
একটিবার বলে যাও- আবার আসবেতো!
না এলে ধরে নেবো- ভুল গেছো আমাকে।
এই পথ, এই হাঁটা, এই যে থেমে থেমে
একটা দুটো কথা বলা- মনে পড়বেতো!
এইতো সেদিনও-
নিরিবিলি দুপুরে, মেঘরোদ ছায়াতে,
ঝিরিঝিরি বাতাসে- উড়ছিল খোলা চুল
গালে আর চিবুকে, আহ্লাদি লুটোপুটি,
আদরের মাখামাখি, লাগছিল বেশ।
আমি শুধু নীরবে, দেখছিলাম তোমাকে।
ভুলতে কি পারি সব? মুখোমুখি বসে থাকা,
মৃদুস্বরে কথা বলা, পাশ ফিরে একটু দেখা।
মুখটিপে হাসিতে, অকারণ কাশিতে-
জানিয়ে দিতে আস্তে বলো,
পাশে কেউ শুনতে পাবে।
সবই কি ভুলে যাবে?
তারপরও একটিবার-
বলে যাও ঠিক ঠিক,
আবার আসবেতো!
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১০ রাত ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



