ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় আটক দলের আমীর মতিউর রহমান নিজামীর মুক্তিসহ পাঁচদফা দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলটি একই সঙ্গে দুই প্রধান দলের শীর্ষ নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি চেয়েছে।
মঙ্গলবার দুপুরে মগবাজারের জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
জামায়াতের দাবির মধ্যে আছে নিজামী এবং সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা ও হাসিনার মুক্তি, গ্যাটকো ও বড়পুকুরিয়া মামলাসহ সব 'মিথ্যা' মামলা প্রত্যাহার, অক্টোবরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো ও ভর্তুকি দেওয়া এবং ঘরোয়া রাজনীতির ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া।
দাবি আদায়ের জন্য আগামী ২৬, ২৭ ও ২৮ মে যথাক্রমে ছয়টি মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেবে জামায়াত নেতাকর্মীরা। এছাড়া ৩০ মে দেশব্যাপী দলীয়ভাবে 'দোয়া দিবস' পালন করা হবে। ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত সারাদেশে চলবে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি।
সংবাদ সম্মেলনে মুজাহিদ অভিযোগ করেন, "নিজামী, শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের সিরিজ প্রক্রিয়া চলছে। অথচ দুর্নীতি এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে। প্রকৃতপক্ষে এটি না কমে উল্টো বেড়েছে।"
নিজামীকে গ্রেপ্তার করে সরকার 'অত্যন্ত গর্হিত ও অন্যায়' কাজ করেছে মন্তব্য করে তিনি বলেন, "তার (নিজামী) গ্রেপ্তার প্রক্রিয়া ছিল অনাকাক্সিক্ষত ও আইনের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের সামিল। নিজামীর জামিন আবেদনের শুনানির তারিখ ছিল ২০ মে। শুনানির পর আপিল বিভাগের সিদ্ধান্ত না আসা পর্যন্ত গ্রেপ্তার না করাই ছিল আইনের শাসনের দাবি।"
সরকারের সমালোচনা করে মুজাহিদ বলেন, "দেশে প্রায় ১৭ মাস ধরে জরুরি অবস্থা চলছে। জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারা স্বাধীনভাবে কথা বলতে ও দলীয় কার্যক্রম চালাতে পারছে না। অন্যদিকে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বাড়ায় জনগণের নাভিঃশ্বাস উঠেছে।"
বিরাজনীতিকরণের মাধ্যমে দেশকে নেতৃত্বশূন্য করারও প্রচেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, "সরকার একদিকে সংলাপের কথা বলছে কিন্তু এর জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করছে না। তাদের একেকটি পদক্ষেপ পরিবেশকে প্রতিকূল করে তুলছে। সবকিছু মিলিয়ে জাতীয় নির্বাচন নিয়ে সংশয় আরও বাড়ছে।"
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর মকবুল আহমেদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসএনডি/জিএনএ/এসকে/১৭৩৫ ঘ
জামায়াতিগো এই সংবাদ সম্মেলন মইত্যারে বাছানের জইন্যে নাকি দেশপ্রেম?
নারী নেত্রীত্ব মানেনা, অথচ কি প্রেম!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


