কিছুদিন আগে আমি একটা ছবি দেখেছিলাম। কিছুদিন না ঠিক, বেশ অনেকদিন আগেই। ছবিটার নাম লিমিটলেস। সায়েন্স ফিকশনের ছবিটায় এমন একটা মেসেজ আছে যে, আমরা যা দেখি, শুনি, সবই মস্তিষ্ক সংরক্ষণ করে রাখে। কেবল আমরা তা সবসময় অ্যাক্সেস করতে পারি না বলে সবকিছু মনে রাখতে পারি না। মস্তিষ্ক ঠিকই প্রচুর তথ্য জমা রাখতে পারে।
আমি জানি না কথাটা কতটুকু সত্যি। তবে কিছু কিছু ক্ষেত্রে মস্তিষ্ক যে খুবই অদ্ভূতভাবে কাজ করে তা স্বীকার করতেই হবে। অন্তত এই মূহুর্তে আমাকে স্বীকার করতেই হবে। কেননা, আমার চোখে এই মূহুর্তে এমন একটা ছবি ভাসছে যেটা দেখার সময় খুব একটা মনোযোগ দেইনি, এমনকি প্রায় এক বছর ধরে একবারও ছবিটা আমার মনের পর্দায় ভেসে ওঠেনি। অথচ এই মূহুর্তে মনে হচ্ছে যেন মাত্রই ছবিটা দেখলাম। এ সত্যিই অদ্ভূত এক অনুভূতি।
ছবিটা দেখেছিলাম তোমার কম্পিউটারে। তোমার কোনো এক আত্মীয়ের বিয়ের ছবি। তোমার কিছু ছবিও ছিল সেখানে। সত্যি কথা বলতে কি, তুমি আগ্রহ নিয়ে ছবিগুলো দেখালেও আমি ততোটা মনোযোগ দিয়ে দেখছিলাম না। ছবি দেখার চেয়ে তোমার সঙ্গে কথা বলতেই বেশি ইচ্ছে করছিল। তুমি এতো আগ্রহ নিয়ে দেখাচ্ছিলে, তখন না করলে হয়তো তুমি মন খারাপ করতে। তা বুঝতে না দিলেও তোমার দিকে তাকিয়ে আমি ঠিকই ধরে ফেলতে পারতাম। আর তোমার হাসিমাখা মুখ আমার কাছে সবসময়ই অনেক ভালো লাগতো। তাই তোমাকে তখন কিছু না বলে কেবল মনিটরের দিকে তাকিয়ে ছিলাম।
আমি তোমাকে বিশ্বাস করাতে পারবো না, এখন হুবহু ছবিটা আমার মনে ভাসছে। একেবারে হঠাৎ করেই ছবিটা মনের পর্দায় ভেসে উঠলো। গত বছর ধরে একবারের জন্যও ছবিটা আমার মনে ভাসেনি। অথচ আজ এখন এমনভাবে ভাসছে যেন এই মাত্র দেখলাম। তোমাকে বোঝাতেও পারবো না কোন ছবিটা। আমি ছবির ব্যাখ্যা ভালো দিতে পারি না। তবে আমি নিজেই খুব অবাক হচ্ছি ছবিটা এতো বাস্তব হয়ে উঠেছে দেখে। এটা কীভাবে সম্ভব?
এই মূহুর্তে আমি সত্যিই ভেবে অবাক হচ্ছি, এটা কি মস্তিষ্কের অদ্ভূত হওয়ার আরেকটি প্রমাণ? নাকি তোমাকে প্রচণ্ড মনে পড়ার কারণে অবচেতন মনে গেঁথে যাওয়া তোমার ছবির প্রতি অ্যাক্সেস পেয়ে গেছি আমি?
কারণ যেটাই হোক, প্রায় জীবন্ত তোমার ছবি মনের পর্দায় দেখে সুখ-দুঃখ দুই-ই অনুভব করছি। কোনটা বেশি? সুখটা, নাকি দুঃখটা? আমি জানি না। জানতেও চাই না। যতক্ষণ পর্যন্ত তুমি অথবা তোমার স্মৃতি আমার সঙ্গে আছি, আমি কিছুই জানতে চাই না।
কেবল তুমিই আমার ভালো থাকার জন্য যথেষ্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



