মা বাবা সন্তানের জন্য বিভিন্ন পরিকল্পনা করেন ভবিষ্যতের সেটাও যেমন ঠিক , সন্তানেরাও অনেক পরিকল্পনা করে । অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সন্তানের পরিকল্পনাই বেশী কার্যকরী হয় । দু একটা পরিকল্পনার কথা বলা যাক ।
ঘটনা ১ : আমার এক খালা তার পুরোন সব শাড়ি রোদে দিয়েছেন । তার ছেলে তার মায়ের এবং নানা বাড়ির সবার বিশেষ আদরের ছিল , তখন বয়স ৬/৭ বছর । । সে শাড়িগুলোর গন্ধ শুকছে কাছে গিয়ে , কথায় কথায় জানল কোনটা তার মায়ের বিয়ের শাড়ি । এমন সময় খালা তাকে জিজ্ঞেস করলেন , বাবা তুমি বিয়ে করবে না ? সে জবাব দিল , করব তো । খালা বললেন , আমাকে নেবেতো বিয়ে করতে যাবার সময় ? ছেলে হ্যা বলল । তার পরে বলল , তোমাকে তো নিতেই হবে , তুমি আমার বিয়ের স্যুটকেস মাথায় করে নিয়ে যাবে না !
খালার তখন কাঁদ কাঁদ অবস্থা ।
সেই খালাত ভাই মনে হয় বড় হয়ে বুঝতে পেরেছে , তার মায়ের দ্বারা সম্ভব না স্যুটকেস মাথায় নিয়ে বিয়ে বাড়ী যাওয়া , তাই ৩৭ বছর বয়স পার হয়ে যাচ্ছে বিয়ের সিদ্ধান্তই নিতে চাইছে না ।
ঘটনা ২ : কদিন আগে আমার পুত্রধন অতি ধীরে ধীরে তার রাতে আহার শেষ করছিলেন । আমার আঙুলগুলো মাঝে মাঝে অসাড় হয়ে যাচ্ছিল । আমি বললাম , আমি যে সব সময় তোমাকে খাইয়ে দেই তুমি তো আমাকে খাওয়াও না । সে বলল , তুমি যখন বুড়ো হয়ে যাবে , কোমর বাঁকা হয়ে যাবে , বা হাতে লাঠি ধরে থাকবে আর ডান হাতটা কাঁপবে তো , ভাত তুলে খেতে পারবে না , পড়ে যাবে সব ভাত ; তখন আমি খাইয়ে দেব ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

