(পাঠকদের প্রতি অনুরোধ: "রিভিউ" হিসেবে লেখাটা কেমন হয়েছে সেটা মন্তব্যের ঘরে জানাবেন)
গত ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর ঢাকার সাতমসজিদ রোডের ব্রিটিশ কাউন্সিল এক্সাম ভেন্যু "একাডেমিয়া"তে অনুষ্ঠিত হয়ে গেল "বাংলাদেশ সাইবার গেমিং ফেস্টিভাল ২০১১"। তিনদিনব্যপী এই গেমিং উৎসবে অংশগ্রহণ করেছিল দুইশতাধিক গেমার, প্রযুক্তিপন্য নির্মাতা "লজিটেক", বিশ্বখ্যাত এন্টিভাইরাস ক্যাসপারস্কি, দেশের প্রথম ও একমাত্র গেমিং ম্যাগাজিন "গেমপ্রো" এবং বাংলাদেশ টেলিকম কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ব্রডব্যন্ড কানেকশন "বিকিউব" সংযোগপ্রদানকারী একমাত্র প্রতিষ্ঠান ইমেম সিস্টেমস লিমিটেড। প্রতিযোগিতাটির সার্বিক তত্বাবধানে ছিল আমব্রেলা ম্যানেজমেন্ট এবং প্রযুক্তিগত সহায়তায় ছিল কম্পিউটার সোর্স লিমিটেড।
প্রযুক্তিবিদ্যার জগতে গেমিং এর ইতিহাস পুরনো হলেও বাংলাদেশের ইতিহাসে "প্রতিযোগিতামূলক গেমিং" এর ধারণা খুব একটা পুরনো নয়। আন্তর্জাতিক বিশ্বে বিভিন্ন গেমিং কনটেস্ট এর সাথে আজ আমরা পরিচিত। ইলেকট্রনিক্স স্পোর্টস এর জগতে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল "Cyberathlete Amateur League". পরবর্তীতে এগিয়ে আসে "World Cyber Games", "Electronic Sports World Cup" প্রমুখ। বাংলাদেশেও গত কয়েকবছর যাবত জাতীয় পর্যায়ে গেমিং টুর্ণামেন্ট এর একটি ট্রেন্ড চালু হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আমব্রেলা ম্যানেজমেন্টের ব্যানারে অনুষ্ঠিত হয়েছিল "বিসিজিএফ ২০১১"।
গত ২২ ডিসেম্বর বৃহসপতিবার সকাল দশটা বাজতে না বাজতেই তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে প্রায় দুইশত গেমার একসাথে লালমাটিয়ার সুপরিচিত স্কুল এ্যাকাডেমিয়ার সামনে উপস্থিত হয়। রেজিস্ট্রেশনের শেষদিন ২১ ডিসেম্বর হলেও গেমারদের অনুরোধের কারণে স্পট রেজিস্টেশন ওপেন করা হয়। দুপুর ১২টা পর্যন্ত গেমারদের রেজিস্ট্রেশন হয় এবং গেমার সংখ্যা দুইশতাধিক ছাড়িয়ে গেলে আয়োজকদের অপারগতায় রেজিস্ট্রেশন বন্ধ করা হয়। খেলা শুরুর সময় সকাল ১০টা হলেও দুপুর ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন চলায় খেলা শুরু হতে হতে প্রায় ১২.৩০ বেজে যায়।
খেলা শুরুর প্রথমদিন বিকেল পর্যন্ত খেলা খুব ভালোমত চললেও টেকনিক্যাল ত্রুটির কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয়। পরবর্তীতে আবার খেলা চালু হলে প্রথমদিনের রাউন্ড শেষ করতে করতে রাত ৯টা বেজে যায়।
২৩ ডিসেম্বর শুক্রবার যথারীতি সকাল ১০টায় খেলা শুরু হয় এবং সন্ধ্যা ৭টায় খেলা শেষ হয়। মাঝখানে দুপুরে ১ ঘন্টার জন্য নামাযের বিরতি দেয়া হয়। ২৪ ডিসেম্বর শনিবার অর্থাৎ মেলার শেষদিনে মাইক্রোসফ্ট বাংলাদেশ আয়োজন করে "ইমাজিন কাপ" এর উপর একটি সেমিনার। অর্ধশত গেমারের উপস্থিতিতে সেমিনারটি অত্যন্ত সফলভাবে শেষ হয়। সেমিনারে বক্তা ছিলেন মি. মামুন।
এভাবেই এগিয়ে যেতে থাকে বাংলাদেশ সাইবার গেমিং ফেস্টিভাল ২০১১। ২৪ ডিসেম্বর রাত ৯টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী প্রতিটি দলের ক্যাপ্টেনের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন আমব্রেলা ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর জনাব বাসিতুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অন্যান্য ডিরেক্টরবৃন্দ জনাব শরীফুল হাসান, আবিদ আশরাফ মিনার, কাজী মৈত্রী; কম্পিউটার সোর্সের প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশে ক্যাসপারস্কি এ্যান্টিভাইরাস এর একমাত্র আমদানীকারক প্রতিষ্ঠান অফিসএক্সট্রাক্টস্ এর প্রতিনিধি।
বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে ছিল নগদ অর্থ ও ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১১। ফাস্ট রানার্সআপদের জন্য ছিল নগদ অর্থ ও অত্যন্ত আকর্ষণীয় ক্যাসপারস্কি ব্যাকপ্যাক। সেকেন্ড রানার্সআপদের জন্য ছিল নগদ অর্থসহ মাইক্রোসফ্ট উইন্ডোজের সবুজ টি-শার্ট।
সম্পূর্ণ ভেন্যুটিতে উৎসবের তিনদিন ছিলো ওয়াইফাই জোন। ওয়াইফাই জোনটি পরিচালনা করে বিসিজিএফ ২০১১ এর অফিসিয়াল আইএসপি পার্টনার-বিটিসিএল এর অনুমোদিত প্রতিষ্ঠান ইমেম সিস্টেমস লিমিটেড। গেমাররা তাদের হ্যান্ডসেট এবং ল্যাপটপে উপভোগ করে ১এমবিপিএস ডেডিকেটেড ব্রডব্যান্ড লাইনের ইন্টারনেট স্পীড।
গেমিং উৎসব উপলক্ষে ইভেন্টের গোল্ড পার্টনার ক্যাসপারস্কি এন্টিভাইরাস তাদের ইন্টারনেট সিকিউরিটির দাম কমিয়েছিল। ৮৪৯ টাকার পরিবর্তে তা বিক্রি হয়েছিল মাত্র ৭৯৯ টাকায়। ক্যাসপারস্কির স্টলে ক্রেতাদের নিকট থেকে ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানান ক্যাসপারস্কি কর্তৃপক্ষ।
কম্পিউটার সোর্স লিমিটেড ছিল এই ইভেন্টের প্রিমিয়াম পার্টনার। তারা ৫০টি কোরআইথ্রি প্রসেসরের উচ্চক্ষমতা সম্পন্ন কম্পিউটার সরবরাহ করে। এই পিসিগুলো পরস্পর সংযুক্ত ছিল "ট্রেন্ডনেট" এর ক্যাট-৫ কেবল, হাব ও স্যুইচের মাধ্যমে। এখানে উল্লেখ্য যে বিশ্বখ্যাত রাশিয়ান নেটওয়ার্কিং পণ্য ট্রেন্ডনেট এর বাংলাদেশে একমাত্র আমদানীকারক ও পরিবেশক "এম বি সফ্ট" ছিল এই ইভেন্টের নেটওয়ার্ক পার্টনার।
অপরদিকে দেশের একমাত্র গেমিং ম্যাগেজিন "গেমপ্রো" তাদের স্টলে দিয়েছিলো আকর্ষণীয় অফার। প্রতিটা ম্যাগাজিনের দাম কমানো হয়েছিল ৫০% পর্যন্ত এবং যেকোন একটি কপি কিনলেই পূর্ববর্তী সবগুলো কপি ফ্রী দেয়া হয়েছিল। বাংলাদেশে এরকম একটি স্পেশালাইজড গেমিং ম্যাগাজিন দেখতে পেয়ে গেমাররাও অত্যন্ত আনন্দিত হয়েছিল বলে জানান গেমপ্রোর অফিসিয়ালবৃন্দ।
ইভেন্টের মিডিয়া এ্যান্ড প্রমোশন পার্টনার ছিলো রেডিও ফূর্তি, কম্পিউটার জগত ম্যাগাজিন ও কমজগত ডট কম। অনুষ্ঠানশেষে আমব্রেলা ম্যানেজমেন্টের কর্ণধার বাসিতুল ইসলাম আগামীতে এই রকম গেমিং ইভেন্ট আরো বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনার কথা জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

