সেরেনডিপিটি (serendipity) শব্দটির বয়স প্রায় ২৫০ বছর, কিন্তু বিংশ শতাব্দীতেই কেবলমাত্র এটি বহুল ব্যবহৃত হতে শুরু করে। শব্দটি চালু করেন লেখক হোরাস ওয়ালপোল (Horace Walpole), তার দীর্ঘ-সময়ের কূটনীতিক বন্ধু হোরাস মান (Horace Mann) এর কাছে ১৭৫৪ সালের জানুয়ারীতে লেখা এক চিঠিতে।
ওয়ালপোল বলেন, serendipity শব্দটি তিনি উদ্ভাবন করেছেন পারস্যের প্রাচীন এক রূপকথার গল্প থেকে, গল্পের নাম "The Three Princes of Serendip"। গল্পের তিন মূল চরিত্র—রাজপুত্র, মন্ত্রীপুত্র ও কোটালপুত্র—বেরিয়েছে নগর জনপদ ভ্রমণে এবং ঘটনাক্রমে আবিষ্কার করে যাচ্ছে মজার সব জিনিস যার সন্ধান তারা করছিল না।
রূপকথার এই রাজকুমারগণ এসেছে এমন এক দ্বীপরাজ্য থেকে পারস্যবাসীরা যাকে বলতো সেরেনদ্বীপ বা সেরেনডিপ। সংস্কৃতে দেশটির নাম সিনহলদ্বীপ বা সিংহদ্বীপ: "সিংহ বাস করে যে দ্বীপে"; পারস্যে অনুবাদের কারণে বানানটি হয়ে যায় Serendip। এই দ্বীপটিই আমাদের বর্তমানের শ্রীলঙ্কা।
serendipity শব্দটি শুনলে তাই মনে ভেসে উঠে শ্রীলঙ্কার সেই রাজকুমারদের কথা, এবং শব্দটির মানে দাঁড়ায়, অপ্রত্যাশিতভাবে সৌভাগ্যময় আবিষ্কার সম্পাদন করার মতো দক্ষতা ও ভাগ্য:
"The discovery of x-ray is a serendipity."
এক্স-রে'র মতো বিজ্ঞানের অনেক যুগান্তকারী আবিষ্কারই serendipity, কারণ বিজ্ঞানীরা প্রায়ই একটি জিনিস খুঁজতে গিয়ে অন্য জিনিস আবিষ্কার করে ফেলেন।
serendipity শব্দটি ইংরেজির সবচেয়ে অনুবাদ-দুরূহ দশটি শব্দের একটি।
__________________
ছবি: রোমান্টিক কমেডি মুভি Serendipity, যেখানে নায়ক-নায়িকা, সম্পূর্ণ অপরিচিত দুজন মানুষ, অপ্রত্যাশিতভাবে বিভিন্ন মজার ঘটনাপ্রবাহে জড়িয়ে পড়ে।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


