একদা একিলিস ঈজিয়ান সাগরের তীরে রোদ পোহাচ্ছিল। এমন সময় পণ্ডিত চেহারার এক কচ্ছপ তার কাছে হাজির হল।
"কী চাস?" একিলিস অবজ্ঞাভরে তাকাল। মেজাজ খানিকটা চড়ে উঠল, কচ্ছপ ব্যাটা রোদটা একেবারে আড়াল করে ফেলেছে।
"তোমাকে নাকি সবাই ক্ষীপ্র পায়ের একিলিস বলে?"
"তো?" একিলিসের চোখের সুপারসিলিয়ারি পেশীগুলি নড়েচড়ে উঠে।
"তারা ভুল বলে," কচ্ছপের ঠোঁটে দুষ্টু হাসে, "আমি তোমাকে দৌড়ে হারিয়ে দিতে পারি।"
"তাই নাকি?" মেজাজ বেশিই খারাপ হ্য় একিলিসের। ইচ্ছা করে বেয়াদব কচ্ছপটার গালে একটা চড় লাগিয়ে দিতে।
"হ্যাঁ, যদি তুমি আমাকে একটু আগে থেকে শুরু করতে দাও।"
"কত টুকু চাস?"
"এই, ধরো, ১০ হাত।"
"তোকে আমি এক শহর আগে থেকে দিতে পারি।"
"১০ হাতই যথেষ্ট।"
"চল তাইলে শুরু করি।"
"আচ্ছা একিলিস, তোমার তো বুদ্ধিশুদ্ধি ভালো। খামোখা না দৌঁড়ে যুক্তি দিয়ে প্রমাণ করে দিচ্ছি যে তোমাকে আমি হারাতে পারি। ঠিক আছে?" কচ্ছপের স্বরে একটু খোঁচা মনে হয়।
"আচ্ছা, দেখা।" রেগে যায় একিলিস।
"ধরো, তুমি আমাকে ১০ হাত অগ্রযাত্রা দিলে। তুমি কি বলবে যে আমাদের মাঝের এই ১০ হাত তুমি খুব তাড়াতাড়ি অতিক্রম করে ফেলবে?"
"অবশ্যই, খুব দ্রুত।" একিলিসের ঝটপট জবাব।
"এবং এই সময়ে, তোমার কী মনে হয়, আমি কতটুকু এগিয়ে যাব?"
"হয়তো ১ হাত, তার বেশী নয়।" এক মুহূর্ত চিন্তা করে বলে একিলিস।
"খুব ভালো," উত্তর দেয় কচ্ছপ। "অতএব আমাদের মাঝে এখন ১ হাত দুরত্ব। আর এই ১ হাত তুমি খুব দ্রুত অতিক্রম করে ফেলবে, তাই না?"
"আসলেই খুব দ্রুত অতিক্রম করে ফেলব।"
"তা সত্ত্বেও, এই আমি তো আর বসে থাকব না, আরো একটু এগিয়ে যাব। আর এর ফলে তোমাকে ঐ নতুন দূরত্বটুকুও যেতে হবে, তাই না?"
"হ্যাঁ," একটু আস্তে আস্তে বলে একিলিস।
"এবং তুমি যখন আমাকে ধরতে আসছ, তখন আমি আরো একটু এগিয়ে যাব, আর এর ফলে প্রতিবার আমাকে নতুন জায়্গায় ধরার চেষ্টা করবে।" ক্চ্ছ্প মসৃণভাবে বলে।
একিলিস চুপ।
"তাইলে তুমি দেখো, প্রতিমুহূর্তে তোমাকে আমাদের মাঝের দূরত্ব অতিক্রম করতে হবে, এবং তা সত্ত্বেও আমি সে সময়ে নতুন দূরত্ব যোগ করতে থাকব। তা যত ছোটই হোক, সে দূরত্ব তোমার সামনে থেকে যাবে।" দাঁত বের করে হাসে কচ্ছপ।
"তাই তো দেখি।" আমতা আমতা করে একিলিস।
"আর তাই তুমি কখনো আমাকে ধরতে পারবে না," সহানুভূতির স্বরে বলে কচ্ছ্প।
[জেনোর প্যারাডক্স অনুসারে]______________________________________
নৈতিক শিক্ষাঃ কচ্ছ্পদের সাথে কোন যুক্তিতর্কে যাবেন না।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৯ সকাল ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


