শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।

শব্দরাজ্যে অভিযান (২৬): Narcissism !

২০ শে আগস্ট, ২০০৯ রাত ২:০০

শেয়ারঃ
0 0 0


সে অনেক অনেক দিন আগের কথা। গ্রীসের বন পাহাড়ে ঘুরে বেড়াত ইকো (Echo) নামের এক পরী (Nymph)। একসময় সে ছিল দেবীরাণী জুনোর (Juno) সহচরী, বাস করত ওলিম্পাস পর্বতের দেবালয়ে (abode of gods)। তার চেহারা ছিল ধারালো সুন্দর, কিন্তু সেই সাথে ক্ষুরধার একটি কণ্ঠও ছিল তার। কথা বলতে খুব ভালোবাসত সে, যেকোনো ব্যাপারে তার কথাটিই ছিল শেষ কথা। তার আচরণে বিরক্ত হয়ে জুনো একদিন তাকে দেবালয় থেকে বের করে দিল, সাথে অভিশাপ: "নিজ থেকে আর কোনো কথা বলতে পারবে না তুমি, কেউ কথা বললে শুধু শেষ কথাটি পুনরাবৃত্তি করতে পারবে।"

বনবাদাড়ে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ায় ইকো। একদিন বনে শিকার করতে আসে আসে খুব সুন্দর চেহারার এক তরুণ, নাম নার্সিসাস (Narcissus)। প্রথম দেখায় ইকো ছেলেটি ভালোবেসে ফেলে আর তাকে অনুসরণ করতে থাকে। তার খুব ইচ্ছে কোমল স্বরে নানা কথা বলে তরুণের সাথে, কিন্তু তার তো সে ক্ষমতা নেই! অস্থিরভাবে তাই সে অপেক্ষা করতে থাকে নার্সিসাস কোনো কথা বলে কি না, তাহলে সেও কিছু বলতে পারবে।

শিকারী দল থেকে একদিন বিচ্ছিন্ন হয়ে যায় তরুণ; চিৎকার করে উঠে সে, "কে, কে এখানে?"
ইকো উত্তর দেয়, "এখানে।"
নার্সিসাস কাউকে দেখতে না পেয়ে বলে, "সামনে আস।"
"আস," ইকো প্রত্ত্যুত্তর করে।
"কেন তুমি এড়িয়ে যাচ্ছ?"
"এড়িয়ে যাচ্ছ।"
"সামনে আস, আমি তোমাকে দেখি।"
"তোমাকে দেখি," বলে দু বাহু মেলে নার্সিসাসের দিকে ছুটে আসে ইকো।
"না, না, আমাকে ছুঁয়ো না, তার চেয়ে মরে যাব," যুবক পিছু হটে।
"মরে যাব।"
"না, না, সরে যাও এক্ষুণি।"

বিষাদমাখা হৃদয়ে লজ্জারাঙা মুখ আর জলভরা চোখ ঢাকতে ইকো চলে যায় বৃক্ষের আড়ালে। তারপর থেকে তাকে আর কখনো খোলা জায়গায় দেখা যায়নি। সে বাস করতে থাকে গুহা আর পাহাড়ের ঢালে। কষ্টে তার দেহ ধীরে ধীরে বিলীন হয়ে যায়, হাড়গুলি পরিণত হয় রূক্ষ পাথরে। শুধু থেকে যায় তার স্বর, আর কথা বলার সেই অভ্যাসটা। তোমরা যদি কখনো পাহাড় দেখতে যাও, চিৎকার করে দেখো, উত্তরে ইকোর গলা শুনতে পাবে।

আর নার্সিসাস কেন এরকম আচরণ করল? আরো অনেকদিন আগে কিশোরী আরেক মেয়ে ভালোবেসেছিল নার্সিসাসকে। কিন্তু নার্সিসাস ছিল অসম্ভব সুন্দর, কাউকেই পাত্তা দিত না সে। তার সব চিন্তা ছিল শুধু নিজেকে নিয়ে। কিশোরী তাই অভিশাপ দেয়, কখনো যেন নার্সিসাসের জীবনে ভালোবাসা আসে, কিন্তু সেই ভালোবাসার প্রতিদান যেন না পায় সে। প্রতিহিংসা ও প্রতিশোধের দেবী নেমেসিস (Nemesis) সে কথা শুনতে পায়।

সেই বিজন বনে ছিল এক ঝর্ণা, রূপার মত ঝকঝকে স্বচ্ছ তার পানি। মেষপালকরা কখনো তাদের ভেড়ার পালগুলি তার উপর দিয়ে তাড়িয়ে নিত না, তার পাশে বিশ্রাম নিত না কোনো পাহাড়ী জন্তু, বৃক্ষরাও তার উপর কখনো ফেলত না কোনো শাখা বা পত্র। শুধু সবুজ সতেজ ঘাস জন্মাত তার ধারে, আর শিলা পাথর তাকে রক্ষা করত সূর্যের উত্তাপ থেকে।

একদিন সেখানে আসে শিকারী এক তরুণ, ক্লান্ত-পরিশ্রান্ত। আঁজলা ভরে পানি পান করার সময় পানিতে সে দেখে নিজের ছায়া। কী সুন্দর জলের আত্মা, ভাবে সে। মুগ্ধ হয়ে দেখে ছায়া, প্রেমে পড়ে যায় নিজের। ছুঁতে যায় সে, কিন্তু হারিয়ে যায় জলের আত্মা। আবার ফিরে আসে একটু পরে, নতুন মুগ্ধতা নিয়ে।

তরুণ নার্সিসাস উঠতে পারে না সেখান থেকে। ভুলে যায় সে ক্ষুধা তৃষ্ণা, পাগলের মত বারবার ধরতে যায় আত্মাকে, কিন্তু প্রতিবারই তা হারিয়ে যায়। তাই আর ছোঁয় না সে, শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। দিনের পর দিন কেটে যায়, কষ্টে মথিত হয় তার হৃদ্য়, ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে দেহ; তারপর একদিন পরিণত হয় সে এক বৃক্ষে।

এখনো তোমরা ইকো পাহাড়ের কাছে গেলে ঝর্ণার পাশে দেখবে সুন্দর এক বৃক্ষ। এত সুন্দর, দেখলেই চিনতে পারবে। আর যদি বসন্তকালে যাও, দেখবে ঝর্ণার গায়ে ঝরে ঝরে পড়ছে রূপালি ফুল। শুধু ফুলের হৃদয়টা সোনালী, কারণ সেখানে এখনও রয়ে গেছে অতৃপ্ত ভালোবাসা।
____________________________________________
ও হ্যাঁ, নার্সিসাস ফুলকে আমরা বলি নার্গিস। অনেকে ড্যাফোডিলও বলে। আর কোনো মানুষ যদি পাগলের মত আত্মপ্রেমে মোহিত থাকে, এর নাম নার্সিসিজম (Narcissism)।

[বেশ অনেকদিন আগে লিখেছিলাম এটি, কিন্তু তা নিছকই পুরাণের খাতিরে। এখন শব্দরাজ্যের অধীনে নিয়ে আসলাম--লেখক]

 

সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৯ রাত ২:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ২:০৯
সৌম্য বলেছেন: ম্যাভারিক ভাই। অনেক দিন পরে?
বস একটা জিনিস কইতে পারেন? হেভী চোখ জ্বলতেছে। সবাই কইতেছে কেন চোখ উঠছে। চোখ তো কোথাও উঠে নাই আগের জায়গাতেই আছে?

শব্দ রাজ্যে এসম্পর্কে কি বলা আছে?
২০ শে আগস্ট, ২০০৯ রাত ২:১৩

লেখক বলেছেন: হ্যাঁ, সৌম্য ভাই, অপাঙ্‌ক্তেয় ব্যস্ততা, আর কি। :(

চোখ উঠা যে চোখ উঠা না, শব্দ-রাজ্যে এ ব্যাপারে বিশদ বলা আছে। বলব সময় পেলে। শব্দ-রাজ্যে সবাই আপনার মতো ভ্রমণপিপাসু হওয়া দরকার, না হলে বিভিন্ন শব্দ ও শব্দগুচ্ছের বংশ পরিচয়, আচার ব্যবহার সম্পর্কে ভুল ধারণা বিরাজ করবে। :)

২০ শে আগস্ট, ২০০৯ রাত ২:১৭

লেখক বলেছেন: শুভেচ্ছা। পড়া ও মন্তব্য আনন্দিত করল।
ভালো থাকবেন।

৩. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ২:১৮
ফারহান দাউদ বলেছেন: যাক, অন্তত একটা শব্দের ইতিহাস আগেই জানতাম।:)
২০ শে আগস্ট, ২০০৯ রাত ২:২০

লেখক বলেছেন: হা হা হা।
এখানে অবশ্য পুরাণটার উপরই জোর ছিল বেশি। :)

৪. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ২:৩২
শূন্য আরণ্যক বলেছেন: হমমম এটার ইতিহাস অর্থ সবই জানতাম ।

ফুলটা চিনতাম না ।

+
২০ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৩৮

লেখক বলেছেন: শুভেচ্ছা, আরণ্যক। ফুলটার বেশ কিছু প্রজাতি আছে অবশ্য। এটাকে আদর্শ ধরে পুরাণের সমাপ্তি রূপালী-সোনালীতে শেষ করেছি।

৫. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ২:৪৫
দীপান্বিতা বলেছেন: বাঃ...কি সুন্দর করে বল্লেন!

কিন্তু দু’জনের জন্যেই কেমন যেন কষ্ট হয় ......
২০ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৪১

লেখক বলেছেন: শুভেচ্ছা। খুব ভালো লাগল আপনাকে দেখে। হ্যাঁ, কষ্ট।

৬. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ২:৪৭
ষড়ৈশ্বর্য মুহম্মদ বলেছেন: জানতাম, কিন্তু আপনার লেখায় পুরনো গল্পটা নতুন প্রাণ পেয়েছে।
২০ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫৪

লেখক বলেছেন: শুভেচ্ছা। পড়া ও মূল্যায়ন আনন্দিত করল।
ভালো থাকুন।

৭. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:১২
কালিদাস কবিয়াল বলেছেন: পুরাণিক গল্প-গাথা পড়তে ভালোই লাগে। এ সম্পর্কিত ভালো কিছু বইয়ের নাম দিলে কৃতজ্ঞ থাকবো।
২০ শে আগস্ট, ২০০৯ রাত ৯:০৭

লেখক বলেছেন: হ্যাঁ, চলে যাওয়া মানুষকে বুঝতে পুরাণ ইতিহাস মতোই শক্তিশালী জিনিস।

Edith Hamilton's এর Mythology: Timeless Tales of Gods and Heroes বইটি দেখতে পারেন। ভালো লাগবে।

৮. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:২১
অপরিচিত_আবির বলেছেন: কিন্তু তাহলেতো নার্গিস নামের অর্থ আত্মম্ভরী হল তাই না?
২০ শে আগস্ট, ২০০৯ রাত ৯:২০

লেখক বলেছেন: নার্গিস শব্দটি নার্সিসাস থেকে এসেছে। সে বিবেচনায় শব্দটির ভেতর আত্মম্ভরিতা, আত্মকেন্দ্রিকতা ও আত্মপ্রেমের টোন আছে। তবে আরবিতে নার্গিসের মানে নিদ্রা, নিদ্রালুও হয়, কারণ ফুলটির নিদ্রা আনয়নকারী প্রভাব আছে।

৯. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:২২
নিবিড় অভ্র বলেছেন: সুপার্ব পোস্ট এগেইন!!!! :)
২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:০১

লেখক বলেছেন: ধন্যবাদ। আনন্দময় মন্তব্য। :)

১০. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৩৭
সোহানা মাহবুব বলেছেন: এটা আমার খুব প্রিয় মিথের একটি।
তবে ফুলের নামটা জানা ছিলনা।
+++
২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ, আপি। দুঃখকরূণ পুরাণ, নাড়া দেয় হৃদয়ে।
ভালো থাকবেন।

২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:২০

লেখক বলেছেন: হা হা হা, মন্তব্যের জবাব নেই। :)

১২. ২০ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:০৪
ফারহান দাউদ বলেছেন: আবির, নার্সিসিজম শব্দটা গ্রীক অরিজিন থেকে, আর নার্গিস সম্ভবত ফার্সি অরিজিন থেকে। একই ফুলের নাম হলেও অর্থটা মনে হয় সেজন্যই আলাদা, লেখক ভাল বলতে পারবেন।
২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৪১

লেখক বলেছেন: যতদূর বলা যায়, ফার্সি নার্গিস এসেছে ফার্সি নার্গেস/নার্জেস থেকে, যা এসেছে গ্রিক নার্সিসাস ফুলের নাম থেকে।

তবে বর্তমান নার্গিস শব্দটি চমৎকার সুন্দর ফুল অর্থেই ব্যবহৃত হয়, গ্রিক নার্সিসিজমের কোনো টোন ছাড়াই।

বাচ্চাদের নাম নার্গিসের মানে নিদ্রা, নিদ্রালুতাও বোঝায়, কারণ ড্যাফোডিল ফুলটির নিদ্রা-আনয়নকারী প্রভাব আছে।

১৩. ২০ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:২৩
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: শূন্য আরণ্যক বলেছেন: হমমম এটার ইতিহাস অর্থ সবই জানতাম ।

ফুলটা চিনতাম না ।

+
২৩ শে আগস্ট, ২০০৯ রাত ২:৩৭

লেখক বলেছেন: শুভেচ্ছা। ভালো কাটুক জীবন।

১৪. ২০ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৩৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: যাক , খুশি লাগছে যে অন্তত একটা কমন পড়ে গেছে , আগেই জানতাম ।

অবশ্য বছরখানেক আগে এক বন্ধুর থেকে জানা , যখন সে জানলো যে শব্দটার অর্থ আমি জানি না , এমনভাবে চাহনি দিয়েছিল যেন পৃথিবীতে সবচেয়ে কমন ওয়ার্ড এটা । যাক সেটা ঠিক না , নয়ত এই পোস্টটা আসত না ।

অফ-টপিক : অনেকদিন পর এই সিরিজের পোস্ট আসল । আরও তাড়াতাড়ি চাই
২৩ শে আগস্ট, ২০০৯ রাত ২:৫৫

লেখক বলেছেন: হ্যাঁ, যারা শব্দ-রাজ্যে extotic শব্দের অনুসন্ধানে বের হন, তাদের জন্য সাধারণত কিছু সময় পর এটি পরিচিত শব্দ হয়, একেবারে শুরুতে সম্ভাবনা কম।

আরো পোস্টের চেষ্টা চলবে। সাথে থাকার জন্য ধন্যবাদ, অনেক।

১৫. ২০ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৫৮
হাসান মাহবুব বলেছেন: এই শব্দটার সাথে পরিচিত ছিলাম। ডিটেইল জেনে ভালো লাগলো। ধন্যবাদ!!
২৩ শে আগস্ট, ২০০৯ রাত ৩:০৯

লেখক বলেছেন: ভালো লাগার আনন্দময় অনুভব ছড়িয়ে পড়ল ব্লগে। ধন্যবাদ, নিয়মিত অভিযানে।
ভালো কাটুক জীবন।

২৩ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: এ হচ্ছে ১০% প্রচেষ্টা, আর ৯০% আপনাদের প্রেরণা। :)

১৭. ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:২৫
ফেরারী পাখি বলেছেন: গল্পটা জানা। তবুও এসব পৌরাণিক কাহিনী আমাকে খুব টানে। আমি যে কোন রূপকথার গল্পও খুব পছন্দ করি। কেমন একটা পুরোনো পুরোনো চমৎকার গন্ধ থাকে।


সেইজন্যই প্রিয়তে নিলাম, যাতে ইচ্ছা হলেই পড়তে পারি।
২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:১৯

লেখক বলেছেন: শুভেচ্ছা, ফেরারী পাখি। হ্যাঁ, পুরাণের ভেতর ভেসে আসে প্রাচীন পৃথিবীর গন্ধ, তার আবেগসমূহ, তার রঙসমূহ।

প্রিয় পোস্টের সম্মাননার জন্য ধন্যবাদ। আপনার জন্য প্রাচীন পৃথিবীর গল্পের চেষ্টা চলবে।

ভালো কাটুক জীবন।

১৮. ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:৪০
ফারুক৫৫ বলেছেন: এখনো যে রুপকথা ভালো লাগে , তা আপনার এই গল্প পড়েই বুঝলাম।
২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:২৭

লেখক বলেছেন: শুভেচ্ছা। হ্যাঁ, পুরাণের মজার সুরটি থাকুক জীবনে।

১৯. ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:৪৯
মমমম১২ বলেছেন: প্রথম যখন পড়ি এটা ভাবছিলাম রজনীগন্ধা।

এগুলো বারবার পড়লেও পুরোনো হয় না।

২৫ শে আগস্ট, ২০০৯ রাত ৮:০০

লেখক বলেছেন: হা হা। রজনীগন্ধার মতোই দেখতে অবশ্য।
হ্যাঁ, পুরাণ কখনো পুরোনো হয় না।

২৫ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: শুভেচ্ছা।
হ্যাঁ, আসলেই পুরাণগুলো বেশ মানবীয় আর দারুণ। অনুভবের জন্য ধন্যবাদ।

২১. ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৫০
নুভান বলেছেন: ইতিহাস জানতাম, কিন্তু নার্সিসাস ফুল-ই যে নার্গিস বা ড্যাফোডিল তা জানতাম না। ধন্যবাদ ম্যাভেরিক ভাই :D
২৬ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৫১

লেখক বলেছেন: শুভেচ্ছা, ভাই। আপনার বন্দুক তাক করা আশা করি যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, নার্গিস কিংবা ড্যাফোডিল ফুলের জন্য চমৎকার এক পৃথিবীর জন্য।

ভালো থাকবেন।

২২. ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:২৫
তায়েফ আহমাদ বলেছেন: যথারীতি ভাল।
অনেকদিন পরে দেখে আরো ভাল লাগল।
২৬ শে আগস্ট, ২০০৯ রাত ১:২৪

লেখক বলেছেন: শুভেচ্ছা, তায়েফ ভাই। একই অনুভূতি প্রবাহিত আমার মনে, আপনাকে দেখে।
ভালো কাটুক সময়।

২৩. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ৯:২৭
অলস ছেলে বলেছেন: হুমমম। ;)

হুমমম = জানি। ;)

ধন্যবাদ সুন্দর গল্পের জন্য।
২৬ শে আগস্ট, ২০০৯ রাত ১:৩৪

লেখক বলেছেন: ধমমম পং=ধন্যবাদ পড়ার জন্য। :)
নার্গিসের স্নিগ্ধ শুভেচ্ছা।

২৪. ২১ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৭
বাবুনি সুপ্তি বলেছেন: আমি জানতাম না অর্থ টা। জানলাম এখানে। গল্পটা ভাল লেগেছে । :)
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১:২৬

লেখক বলেছেন: ভালো লাগা লেখার জন্য আনন্দময় অনুভব, প্রেরণাদায়ক।
ভালো কাটুক জীবন, চমৎকার। :)

২৫. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:৪৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শব্দ অভিযান ভালো লাগে........
ভালো লাগলো।

শুভেচ্ছা ম্যাভেরিক।
২৬ শে আগস্ট, ২০০৯ রাত ১:৪৪

লেখক বলেছেন: শুভেচ্ছা, সাজিপু। ভালো লাগল আপনাকে দেখে।
ভালো কাটুক জীবনে, সুন্দর শব্দচয়নে আর অনুভূতিতে।

২৬. ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০৮
সামছা আকিদা জাহান বলেছেন: খুব ভাল লাগল নার্সিসাস ও ইকো। নতুন জিনিস জানলাম।
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ২:১০

লেখক বলেছেন: শুভেচ্ছা, আপি। মূল্যায়নে আনন্দিত হলাম।
ভালো থাকুন।

২৭ শে আগস্ট, ২০০৯ রাত ২:২৪

লেখক বলেছেন: শুভেচ্ছা, অনন্ত নক্ষত্রবীচির অভিযাত্রী। আপনার মূল্যায়নে সম্মানিত বোধ করছি। ভালো কাটুক সময়।

২৮. ২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৫৯
সোহায়লা রিদওয়ান বলেছেন: Narcissism কি সব সময় ই খারাপ ? মানে এটা কি চারিত্রিক ত্রুটি ? কখনো যে নিজের কথা ভাবেনা , কেয়ারলেস ... নিজেকে যে একদম ই ভালো বাসেনা, সেই ইসম টা কোনটা ?

অনেক অনেক প্রশ্ন ! :-)
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ২:৩৮

লেখক বলেছেন: হ্যাঁ, পুরাণের নার্সিসাসের প্রতি আমাদের মায়া থাকলে, নার্সিসিজম খারাপ একটি বিশেষ্য, যার ভেতর থাকে আত্মপ্রেম, আত্মম্ভরিতা ও আত্মকেন্দ্রিকতা।

২৭ শে আগস্ট, ২০০৯ রাত ২:১৯

লেখক বলেছেন: শুভেচ্ছা। শব্দ-রাজ্যে আপনার ভ্রমণ আনন্দময় হোক।
ভালো কাটুক জীবন, চমৎকার আকাঙ্ক্ষার প্রাপ্তিতে।

৩০. ২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪২
'লেনিন' বলেছেন: ম্যাভেরিক ভাই নারগিসকে মনে আছে? এই পোস্ট প্রথমবার মনে হয় ওকে উৎসর্গ করেছিলেন। মিস করছি নারগিসকে। কী সব ভুল ধারণা নিয়ে হারিয়ে গেছে।
২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২২

লেখক বলেছেন: হ্যাঁ, মনে পড়ে খুব। অনেক দিন দেখি না। আমি তো ভাবলাম নানা ব্যস্ততায় হয়তো। কিন্তু ভুল ধারণা, এমন কিছু জানতাম না তো!

যাক, ভালো থাকুন, এই কামনা।

১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: শুভেচ্ছা, দাঁড়কাক। অনুভবে ধন্যবাদ।
ভালো কাটুক জীবন।

৩২. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৩২
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++

Bangladesh travel information
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০৭

লেখক বলেছেন: শুভেচ্ছা। পড়া ও মূল্যায়নে অনেক ধন্যবাদ।

আপনার লিঙ্ক আগেও ভিজিট করেছি। সুন্দর সাইট।

 

মোট সময় লেগেছে ১.০০৬৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রাচীন সভ্যতা, পুরাণ, সংখ্যাতত্ত্ব, শব্দের ইতিহাস ভালো লাগা একজন মানুষ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই