ষাটের দশকের শেষ ভাগের কথা। প্রথম বারের মতো বিজলি বাতির আগমন ঘটেছে নাইজেরিয়ার প্রত্যন্ত এক গ্রামে। প্রতি কুঁড়েতে একটি করে বাতি, উন্নয়নের সুস্পষ্ট নিদর্শন। যদিও পড়ার মতো কিছুই ছিল না গ্রামবাসীদের, আর অনেকে পড়তেই জানত না, তবু সমস্যা শুরু হলো রাতের বেলায়, যখন নিজেদের কুঁড়েতে বসে বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারটির দিকে আবিষ্ট হয়ে তাকিয়ে থাকত তারা।
বিজলি বাতি যখন ছিল না, খোলা আকাশের নিচে আগুনের কুণ্ডলি জ্বালিয়ে তা ঘিরে বসত গ্রামবাসীরা। মায়েদের কোলে তাদের গলা জড়িয়ে থাকত শিশুর দল, আর গোত্রের বয়োজ্যেষ্ঠরা বলে যেতেন তাদের গোত্রের ইতিহাস, আনন্দ বেদনা আর আশার গল্প। কিন্তু এখন কয়েকটি বিজলি বাতির আলোর আড়ালে হারিয়ে যেতে লাগল একটি গোত্রের সুপ্রাচীন ইতিহাস।
পড়ছিলাম Leadership Is An Art, লেখক ম্যাক্স দ্য প্রী (Max De Pree)। লিডারশিপ, স্ট্র্যাটেজি, ম্যানেজমেন্ট–এ ধরণের বিষয়ের উপর লিখা খুব বেশি বই দাগ কাটেনি মনে। এর কারণ এই নয় যে বইগুলো সুলিখিত কিংবা সুচিন্তিত ছিল না; আসলে অধিকাংশ ক্ষেত্রে লেখকরা বিষয়গুলোকে এত জটিল তাত্ত্বিক করে তুলেন, একজন লিডার, স্ট্র্যাটেজিস্ট কিংবা ম্যানেজার'কে তখন আর চিনতে পারি না।
ম্যাক্সের ছোট্ট চমৎকার বইটি একেবারেই দলছুট। আমি নিজে গল্পপাগল মানুষ, কাজেই ম্যাক্স, যিনি নেতৃত্ব দিয়ে তাঁর পৈত্রিক কোম্পানিকে One of the most admired companies-এ পরিণত করেন, যখন নিজের অভিজ্ঞতা থেকে নাইজেরিয়ার সেই গল্পকথকদের অপূরণীয় অবদান ও অতুলনীয় প্রয়োজনের কথা বলেন, আমিও আমার চারপাশে খুঁজে ফিরি আমাদেরই কোনো গল্পকথক, যে আমাকে শোনাবে আমার কিংবদন্তি, আমার ইতিহাস, আমার পূর্বপুরুষের গল্প।
কমিউনিটি অ্যাকশন (http://ca-bd.org/), বাংলাদেশের বিভিন্ন বিদ্যাপীঠের শিক্ষার্থীদের একটি সংগঠন, যখন সেবার মাধ্যমে বিজয়ের প্রকাশ-এর ব্রত নেয়, তখন আমার সামনে উদ্ভাসিত হয় সেই গল্পকথকের মুখ। তাদের মহান এ ব্রত শাশ্বত হোক।
আপনিও হতে পারেন একজন গল্পকথক, প্রিয় মাতৃভূমির জন্য। গল্পগুলোকে বাঁচিয়ে রাখতে নিরন্তর বলে যেতে হবে তাদের কথা।
http://www.facebook.com/cvtv71
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


