তাজমহলের সামনে দাড়িয়ে বিল ক্লিনটনের হাসোজ্জল মুখ
তারপর বারাক ওবামা থেকে রানী এলিজাবেথ ও ভ্লাদিমির পুতিন
নাম না জানা এমন আরো কত বাদশার সামনে
এভাবে বারবার জ্বলে উঠেছে ক্যামেরার ফ্লাশ ।
এত মেধা দিয়ে তার্কির আফেন্দি ভাতৃদ্বয়
যে নকশা গড়ে তুলেছিলেন;
সৌধকে ঘিরে তাদের আজ কোন স্মৃতি নেই।
দিল্লির রাজমিস্ত্রি আবদুল্লাহ, চিরঞ্জিলাল, আকবরাবাদের হানিফ
লাহোরের কাজিম খান, ইরানের আমানাতজানি,
আর মুলতানের বলদেব দাস হারিয়ে গেছেন
সভ্যতার আলঝেইমারের তলায়।
তাজমহল আজ এক পণ্যের নাম
মর্মর প্রসাদের ছবি যেন চমৎকার এক বিলবোর্ড
আগ্রার বড় রাজপথের বহুদুর থেকে তা দেখা যায়
তা দেখিয়ে দিন গুজরান করে ভারতের রাজস্ব বিভাগ।
আর সেই হতভাগ্য বাদশাহ
যে একা একা অশ্রুসজল চোখে হাত বোলাতেন স্বেত পাথরের গায়ে;
তাজমহলের সামনে সেই শাহজাহানের কোন ছবি নেই!
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



