একজন ব্যস্ত বাবা তার সারাদিনের কাজ শেষ করে অনেক রাতে বাসায় ফিরেছেন, ক্লান্ত, অবসন্ন এবং বিরক্ত । তার ছোট্ট ছেলেটি বাবার প্রতীক্ষায় বসে আছে । বাবাকে দেখে উজ্জ্বল হয়ে উঠলো ছেলেটির মুখ । শুরু হলো কথোপকথন ...
"বাবা, আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি? "
"হ্যাঁ! অবশ্যই । বলো! কি জানতে চাও?"
" বাবা! এক ঘন্টা কাজ করার বিনিময়ে তুমি কত পাও?"
"(রাগত স্বরে) সেটা তোমার জানার মত কোন বিষয় নয়!! তুমি কোন সাহসে আমাকে এরকম একটি ব্যাপার জানতে চাচ্ছো?"
"তেমন কিছু না, আমি শুধু জানতে চাই তুমি এ ঘন্টা কাজের বিনিময়ে কত পাও । প্লিজ বলোনা!!"
"তোমাকে জানতেই হবে?!! ঠিক আছে, আমি প্রতি ঘন্টায় ৩০০ টাকা পাই "
" (মাথা নিচু করে বিমর্ষ হয়ে) ও... ..আচ্ছা বাবা, তুমি কি আমাকে ১০০ টাকা দিতে পারো?"
বাবা তখন রাগে অগ্নিশর্মা । ছোট ছেলের সাহস কত? ওর টাকার দরকার হলে সরাসরি বলবে । তার জন্য বাবা প্রতি ঘন্টায় কত টাকা পায় সেটি জানার দরকার হলো কেন?
"তোমার যদি খেলনা বা এইজাতীয় কিছু কেনা লাগে তাহলে সেটা সরাসরি বলো । দেখ তুমি কতটা স্বার্থপর । আমি সারাদিন কষ্ট করে অর্থ উপার্জন করে ক্লান্ত, বিধ্বস্ত, আর তুমি আমি বাসায় আসার সাথে সাথে এরকম একটা তুচ্ছ ব্যাপার নিয়ে এভাবে কথা বলতে পারলে?? তুমি সোজা বিছানায় যাও । কিছু কেনার থাকলে আমাকে পরে বলো "
ছেলেটি মন খারাপ করে নীরবে বিছানায় চলে গেল । কিছুক্ষণ পর বাবার খারাপ লাগলো ছোট ছেলেটির সাথে খারাপ ব্যবহার করায় । বারবার মনে হলো .... এতটা রুক্ষ আচরণ না করলেও হতো । নিশ্চয়ই ওর কোন প্রয়োজন ছিলো । কি প্রয়োজন ছিলো সেটা আসলে শোনা উচিত ছিলো । আসলেইতো!! ছেলেটি এর আগে কখনো এভাবে টাকা চেয়েছে বলে মনে পড়ছেনা ।
ধীর পায়ে বাবা তার ছেলের বিছানার পাশে এসে দাড়ালো...
"তুমি কি ঘুমাচ্ছো "?
"না বাবা! এখনো ঘুমাইনি"
"আমি মনে হয় তোমার সাথে একটু বেশী খারাপ ব্যবহার করে ফেলেছি! আসলে সারাদিন খুব খাটুনি গেছে । কিছু ব্যাপার নিয়ে বিরক্ত ছিলাম । হয়তো তোমার উপরে সেই রাগ প্রকাশ করে ফেলেছি । এই নাও তোমার ১০০ টাকা "
ছোট্ট ছেলেটি লাফ দিয়ে উঠে বসল । মুহুর্তেই হাসি ছড়িয়ে পড়লো চোখেমুখে । "থ্যাংক ইউ বাবা, খুব ভালো লাগছে" ।
এই বলে ছেলেটি তার বালিশের নিচে থেকে দোমড়ানো মোচড়ানো আরো কিছু টাকা বের করলো যেটি সে এতদিন ধরে জমিয়েছে । বাবা এবার ছেলের হাতে টাকা দেখে মনে মনে আবার রেগে গেল ।
"তার মানে তোমার কাছে টাকা ছিলো!! তাইলে তুমি কেন আবার আমার কাছে টাকা চাইলে?"
"আমার কাছে যথেষ্ট টাকা ছিলোনা, কিন্তু এখন আছে" হাসি হাসি মুখে জবাব দিলো ছেলেটি ।
"বাবা!! আমার কাছে এখন ৩০০ টাকা আছে, এই নাও, আমি কি এখন তোমার একটি ঘন্টা কিনতে পারি?" অনুনয়ের স্বরে বলল ছেলেটি ।
"অনেক দিন তোমার সাথে রাতের খাবার খাইনা, কাল রাতে তুমি তাড়াতাড়ি চলে এসো... তোমার সাথে মজা করে রাতের খাবার খাবো" ।
স্তব্দ হয়ে দাড়িয়ে রইল বাবা । ছোট্ট ছেলেটির সামনে এক পরাজিত আর অসহায় বাবা । দুহাত দিয়ে ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেদে ফেলল সে ।
(এই লেখাটির ইংরেজী রূপ আজ এক বন্ধু আমাকে ই-মেইল করে পাঠিয়েছিলো, লেখাটি আমাকে এতটা নাড়া দিলো যে মনে হলো ব্লগের বন্ধুদের সাথে শেয়ার করি)
শেষ করি একটা গান দিয়ে...শুনুন...
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৮ ভোর ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



