পৃথিবী তুমি চুপচাপ কেন থাকো?
কেন প্রতিবাদ করো নাকো,
তোমার বুকে ঘটে যাওয়া যত অন্যায় অবিচারের?
তোমার উপর দিয়ে বয়ে চলে রক্তের নদী
তোমার বুক ভেদ করে যায় উত্তপ্ত বারুদ
তোমাকে কম্পিত করে বোমার বিকট বিস্ফোরণ
তবুও তোমার কোন প্রতিকার নেই
তুমি তোমার মতোই আছো নির্বিকার
ঘুরছ নিজ অক্ষ পথে ও কক্ষ পথে
সেই একই নিয়মে, একই গতিতে,
শুধু সাক্ষী হয়ে আছো
তোমার বুকে গাঁথা শত অপকর্মের।
তোমারই সম্মুখে শিশুর মুখের হাসি বিলীন হয়ে যায়
তোমারই বুকে ভাই ভাই কে হত্যা করে কি নৃশংসভাবে
তোমারই মাঝে সত্যের অপমৃত্যু ঘটে প্রতি ক্ষণে ক্ষণে
তোমারই পৃষ্ঠে মিথ্যার জয়ধ্বনি বাজে সেকি মহোৎসবে।
তবুও এতটুকু বিচলিত হওনা তুমি
তোমার গতির হেরফের হয়না একবিন্দুও।
যেন মহাবীর তুমি, মৃত্যুতেও তোমার নেই ভয়
তাই ধ্বংসের দিকে তোমার পথচলা
এত অবিচল, এত সুশৃঙ্খল।
পৃথিবী, স্রষ্টার সেরা সৃষ্টির বাসস্থান তুমি
তাই সৃষ্টির নিকৃষ্টতম কুকর্মের সাক্ষ্য
তোমাকেই বহন করতে হচ্ছে,
যদিও মৌনতাই তোমার একমাত্র অবলম্বন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




