আমাকেই ভাঙতে হচ্ছে শেষ পর্যন্ত কালো পাথর, তার পাঁজরে
আমিই গুপ্ত কাঁপন, পরম শিহরণে চৈতন্য চিরে দেখছি সেই আলোর মুখ
কুঁকড়ানো, মাতৃগর্ভের সংবাদ নিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে
আত্মার প্রাণিত দূত।
তাকে দাঁড় করিয়ে রেখে চারিদিকে জ্বেলে দিই কুঁকড়ানো মুখ নিঃসৃত আলো,
গভীর আকুতি আর বাসনার জানালাগুলো খুলে দিয়ে উড়িয়ে দিই
অপার্থিব যাতনাসমূহ, ফিরে আসে ফুলগন্ধ
একদম নিকটে চলে আসে হারানো শরীরের কোষে কোষে,
একেই এখন থেকে ডাকবো ‘পরম’।
হাতের ভিতর শরীর যথাসময়েই নদী হয়ে ওঠে, ঢেউ তৈরি হচ্ছে
এবার ঢেউই ভাঙতে থাকবে পাথর, আমি দূরে বসে বসে
পাথর ভাঙা দেখবো, দেখতে থাকবো প্রেরণাদায়ীর উচ্ছল কোমর।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



