আমি একা একা প্রতিরাতে তোমার ডেরাতে যাই,
পথের চারপাশে বোবাদের কালো মুখোশ, ছড়ানো ছিটানো হাড়
দেখে চোখ সরিয়ে নিই দেয়ালে, দেয়ালের মধ্যে
নদীশব্দ কান পেতে শুনি।
নদী বন্দরে বেড়াতে যাই, নিখোঁজ মাঝিদের দহন
আর বিষণ্ন মুখের ছায়া লেপটানো নদী তীরে বসে মুছে ফেলি
নিজের দহন, নৌকা ও জলের চুম্বন থেকে ভেসে
আসে তোমার জলকণ্ঠস্বর।
তোমার কণ্ঠস্বর শুনার পর আমি ফিরে আসি একা,
ফেরার পথে দেখি মুখোশের সারিতে দাঁড়িয়ে আছে তোমার
মুখের মতো সবুজ দুঃখগুলো, পাশ ফিরে দেখি
একপাল মিথ্যুকও পিছন পিছন
হেঁটে আসছে, দেখছে দুঃখ, আমি টুকে রাখছি তাদের মুখ..
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



