সামহোয়্যারের অনেক নিক দেখি, এর অধিকাংশই স্বনামে, কিছু বেনামে, কিছু বা কোন অনুভূতি বা অবস্থা প্রকাশক নিক। কিন্তু কিছু নিক আমি এই ব্লগে দেখেছি যা অন্তত আমার কাছে মনে হয়েছে খুলতে দেয়া উচিৎ হয়নি। এই নিকগুলো হচ্ছে বিভিন্ন জাতি, পেশা বা গোষ্ঠীর নাম। যেমন: ডাক্তার, ইন্ঞ্জিনিয়ার, সাংবাদিক, মুসলমান, হিন্দু, ব্লগার, ইমাম, পুলিশ, উকিল, বিচারপতি, সেনাসদস্য, বীরশ্রেষ্ঠ, মুক্তিযোদ্ধা, পুরুষ, নারী এই শব্দগুলো শুধুই কোন শব্দ নয়, এগুলো একটি জাতি বা গোষ্ঠীকে নির্দেশক শব্দ, ঐ জাতি, পেশা বা গোষ্ঠীর পরিচয়ধারী শব্দ, প্রতিনিধিত্বকারী শব্দ। সমস্যাটা হচ্ছে কোন বিশেষ জাতি বা গোষ্ঠী ভিত্তিক নিকগুলো তাদের নিকের মাধ্যমে একটি জাতি বা গোষ্ঠীর নামকে তার লেখাগুলোর সাথে জড়িয়ে ফেলেন। কিন্তু নীতিমালা অনুযায়ী এর প্রতি কিছু করারও নেই।
নীতিমালায় এ বিষয়ে বলা আছে:
১গ. নতুন ব্লগারের জন্য প্রথম পাতার নীতিমালা:
এখন থেকে, সকল নতুন ব্লগারদের ইমেইল, নিক এবং প্রথম কয়েকটি পোস্ট একটি পর্যবেক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, যাচাই করা হবে ঐ ব্লগারের ইমেইল, নিক ও পোস্ট কন্টেন্ট যথার্থ এবং শ্লীল কিনা। আমরা ঐ ব্লগারের প্রথম পোস্টটি প্রথম পাতায় রাখার মতো মানসম্পন্ন কিনা সে বিষয়টিও যাচাই করবো। যদি পোস্টটিতে আপত্তিকর কিছু না থাকে তাহলে তা প্রথম পাতায় প্রকাশিত হবে। এই যাচাই প্রক্রিয়ায় ১ ঘন্টা থেকে ২৪ ঘন্টা সময় লাগতে পারে। কিছু ব্লগারের নতুন নিক রেজিস্ট্রেশন এর মাধ্যমে, প্রথম পাতায় ফ্লাডিং এবং ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যকে ঠেকানোর জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।
এখন কথা হলো, কেউ যদি পাষন্ড ডাক্তার নামে নিক খুলতে চায় তবে মডুরা তা খুলতে দেবেন না, খুব স্বাভাবিক। কিন্তু কেউ যদি শুধু ডাক্তার নিকটি খুলতে চাইলে তাতে কি বাধা দেয়া হবে? হবে না। কারন নীতিমালা অনুযায়ী এটি না খুলতে দেয়ার পেছনে কোন কারন নেই। কিন্তু ডাক্তার কিন্তু শুধুই একটি শব্দ নয়, এটি একটি বিশেষ পেশাধারী সেবা প্রদানকারী গোষ্ঠীর সদস্যদের নাম, এমন একটি গোষ্ঠী যাদেরকে মানুষ অনেক বিশ্বাস করে, শ্রদ্ধা করে। তাই ঐ ব্লগার চান আর না চান, তিনি তার পোস্টের মাধ্যমে ডাক্তার শব্দটির প্রতিনিধিত্ব করছেন। নিকটিতে পাষন্ড শব্দটি না থাকতে পারে, কিন্তু নিকটির অধিকারীর তার পোস্টগুলোর মাধ্যমে পাষন্ড মনোভাবের পরিচয় দেবার সুযোগটা থেকেই যায়।
আমার আপত্তিটা গোষ্ঠী বা জাতির নামের মূল শব্দটিতে যা সার্বজনীনভাবে ঐ গোষ্ঠীর প্রতি নির্দেশ করে। যেমন নারী শব্দটি নিক হলে সমস্যা, কিন্তু প্রতিবাদী নারী নিকটিতে এমন কোন সমস্যা নেই।
এখন কথা হলো, যার নিক বীরশ্রেষ্ঠ সে যদি মুক্তিযুদ্ধবিরোধী পোস্ট দেয় তাহলে ব্যাপারটি কেমন হবে? কেমন হবে যদি বিচারপতি নিকের অধিকারী যদি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলে পোস্ট দেয়? কেমন হবে যদি পুলিশ নিকটির অধিকারী ব্যাক্তি আত্ম-দূর্নীতির ঘটনা প্রকাশকারী পোস্ট দেন? খুব একটা শোভন হবে বলে মনে করি না।
নীতিমালায় এমন নিক খোলার ক্ষেত্রে কোন বাধা-নিষেধ নেই। সামহোয়্যারে এমন নিক আছেও কিছু। যারা খুলে ফেলেছেন তাদের ক্ষেত্রে হয়তো কিছু করার নেই, কিন্তু ভবিষ্যৎ নিকগুলো খোলার ক্ষেত্রে এটি বিবেচনা করে দেখবার জন্য অনুরোধ জানাচ্ছি।
যাই হোক, এটি সম্পূর্ণই আমার নিজস্ব মতামত, জরুরী না যে আর কারো সাথে এটা মিলবে........কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবেন আশা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

