গগনে গরজে মেঘ, ঘন বরষা।
ফুটপাথে দাঁড়িয়ে, নাহি ভরসা।
রাশি রাশি ভরা ভরা
শপিং ব্যাগ হাতে ধরা
দুঃসহ জ্যাম দেখি
মন ভরে না -
সিএনজি পেতে মোর তর সহে না।
বসুন্ধরার পার্কিং লট, নই একেলা
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
ঐ পাড়ে দেখি একা
সুন্দরী আঁকাবাকা
পথে হেঁটে চলিছে
হাতে ছাতা -
সিএনজি পাবো বলে মনেতে আশা।
ভট-ভট শব্দে কে আসে কাছে!
দেখে যেন মনে হয়, চিনি উহারে।
আনমনে চলে যায়,
কোনো দিকে নাহি চায়,
যাত্রীরা নিরুপায়
ঘিরে তাহারে -
যাবে নাকি কন্ট্র্যাক্ট বা মিটারে?
ওগো, ভাই সিএনজি যাবে নাকি লয়ে?
আমি বড় ক্লান্ত শপিং ব্যাগ বয়ে।
যে পথে ইচ্ছে ভাই,
যেয়ো যেথা যেতে চাই -
শুধু তুমি নিয়ে যাও -
ক্ষণিক হেসে
আমায় মতিঝিল এক নিমেষে।
যত ব্যাগ সব লও গাড়ি-ভেতরে
আর আছে? আর নাই, দিয়েছি ভরে।
দুশ্চিন্তা সব ঠেলি
অবশেষে গেট খুলি
স্বস্তির নিঃশ্বাস ফেলি
সিটেতে বসে -
এখন আমারে লহো করুণা ক’রে।
ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে গাড়ি
আমারি শপিং ব্যাগে গিয়েছে ভরি।
গন্তব্যে অবশেষে
দিয়ে টাকা তব ক্যাশে,
দেখি কাণ্ড সর্বনেশে
ব্যাগ সব ভরি -
যাহা ছিল নিয়ে গেল গ্যাসের গাড়ি।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



