শেষ চিঠি আমি লিখেছি কবে
কার উদ্দেশে -- আজ মনে নেই।
তবু আমি একটা চিঠি লিখতে বসে
নাম ঠিকানা হাতড়ে বেড়াই
লিখবো কাকে? কার বা নামে?
কোন কথাটাই লিখবো তাকে!
আমার যত বন্ধুরা সব নির্বাসনে
আর যারা সব নিরুদ্দেশে --
চিঠি কি আর সে খোঁজ জানে!
এসব ভেবে সেই চিঠিটা হয় না লেখা
স্তব্ধ কলম - এখন রাতের মধ্য যামে
শুন্য পাতা আটকে রাখি গোপন খামে।
তবু আমায় একটা চিঠি লিখতে হবে
লিখতে হবে -- আজ দেখেছি একটা পাখি
বিলের শ্যামল স্নিগ্ধ জলে ছায়া ফেলে
উড়ে গেলো অনেক দূরে ...।
লিখবো তাকে, আজ দেখেছি
মেঘের ফাঁকে ওড়ায় ঘুড়ি একটা বালক তেপান্তরে
আজ দেখেছি আকাশ তলে মেঘের খেলা
বন্ধু আমার -- তোমায় যদি না বলি তো
জানবে কে আর -- তোমার চোখের আলোর মতো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

