মৃত্যৃর শীতল স্পর্শের মতো হিম অনুভব নিয়ে বেঁচে আছি
না প্রেম
না চলে যাওয়া
না ফিরে আসা
কিছুই স্পর্শ করেনা আজ আর।
বাস্তুছাড়া করে বাস্তু-ঘুঘুরা
কালো যানে চেপে আসা কালো শকুনেরা
সন্তানহীনা করে------------
মমতার সমগ্র আঁচল পেতেও
সে বিচ্ছেদ রুখতে পারিনা ।
আকন্ঠ তিক্ত ঘৃণা ছাড়া কোন অনুভুতি বেঁচে নেই।
শকুনের ভোজসভায় লোভী পিঁপড়ার মতো
সেঁটে থাকা দুর্গন্ধ ছড়ানো মানুষের
পাশাপাশি হাঁটি
ভব্য কুশল বিনিময় করি।
এর নাম সমজোতা!
এরই নাম নিরাপদ বেঁচে থাকা?
এ এক ঘৃণ্য জীবন-যাপন ছাড়া
আর কিছু নয়।
নাগরিক রাজপথে দুঃশাসন
দৌপদীর লজ্জাহরণ করে ;
নির্বাক দর্শক--------ভিরু কাপুরুষেরা ।
ওদের ঘৃণা করি।
শুধু
তুই তোর কথা মনে পড়লেই
প্রতিদিনের এই ঘৃণিত দৈন্যগুলো ভুলে যাই
ঘৃণার বরফগুলো গলে গলে ভালবাসা হয়ে যায়
মমতার গোলাপ-গুচ্ছ বাঁধি ।
আকাশ স্পর্শ করে ফেলি
অহংকারী দুই হাত মেলে ।
তুই আমারই আত্মজ
তাই আছি
এখনো উচ্চশির ------মেরুদন্ড সোজা ।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


