উঠোনে দাঁড়িয়ে আছে প্রাচীন দুঃখেরা
'ভালবাসা' চাতকের মতো
এক ফোঁটা নোনা জল চঞ্চুতে তুলে নেয়
'প্রেম এসেছে কি' বলে মেয়ে দুয়ারে দাঁড়ায়।
অহল্যার পাষাণ ভেঙ্গে রক্ত কমল ফোটে ;
গোপন-কলসীর এক বিন্দু নীরে
শাপ তার কেটে গেছে বুঝি ?
বারিধি-বিম্বে শকুনের ডানার ছায়া কাঁপে
তবু সরোজ-শিহরে কাঁপে আয়ুষ্মতী-জল
মৎসাকাংখী পানকৌড়ি ডুব-সাঁতার কাটে সরোবরে।
আদিম নিগড় ভেঙ্গে সুরের লহরী ভেসে আসে
নূপুর-নিক্কন বেজে চলে
বেজে চলে
বেজেই চলে।
ক্রোড়ে মাথা অবিকল শিশু লখিন্দর
নবজন্ম দেবে বলে জননী-জায়া বেহুলার
ভেলাটিও ভেসে ভেসে চলে।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


