তোমাকে বলা হয়নি সেই কালো চাদরের গল্পটি--
প্রতি রাতে---স্বপ্নকে আপাদমস্তক ঢেকে রাখে;
সেই দানবের কথা --
নিশীথে -স্ফোটনোন্মুখ সমস্ত কুসুম-কলি ছিঁড়ে ফেলে
রোজ ভোরে ভোজ সারে পক্ষীশাবকের হলুদ পিশিতে;
পিপীলিকাভূক সেই প্রাণীটির কথা-
এক ঢোকে গিলে ফেলে হাজার পিঁপড়া;
আর
গৃহস্থের সেই বিলাসী খামারের কথা ও
বলা হয়নি----
গবাদি পশুরা যেখানে আদরে লালিত হয়;
সেই লুন্ঠিত জনবসতির কথা----
বলা হয়নি--কি অবাধে পশুদের বসতি হয়ে গেল।
এসব গল্প হবে আরেক সময়ে
এসো আজ শুধু আকাশের ওই রংধনু জিতে নিই
ঘুড়ি ঘুড়ি খেলি;
ঢেউ ভেঙ্গে ভেঙ্গে জিতে নিই
নদীর ওই রূপালি নাব্যতাটুকু
পানকৌড়ি আর মাছরাঙ্গার সাথে সখ্যতা গড়ি।
গাইতে গাইতে আচমকা থেমে গেল যে গান
কিছুতেই মনে পড়লনা দ্বিতীয় কলিটির কথা;
এসো সেই অসমাপ্ত গানের কথাগুলো খুঁজি
তার সুরে গুন গুন করি।
বাকী সব কথা আজ থাক তবে।
ভাষা সীমাবদ্ধ শুধু নিজস্ব প্রজাতির মাঝে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

