ঐশীবাণীর মতো গমগমে কন্ঠে উচ্চারিত হয় "খোঁড়"
তাদের সাত জোড়া হাত চমকে উঠে
ভয়ে কাঁপতে থাকে সাত জোড়া পা
ওরা একটা গর্ত খুঁড়ছিল---
আর অল্পক্ষণের মধ্যেই এটা তাদের কবর হয়ে যাবে
এই যে দুই প্রৌঢ়--দুই সহোদর
বাকী পাঁচজন ওদেরই সন্তান
পাশাপাশি দুই বাড়ী তবু আজো একান্নবর্ত্তী মনে হয়।
একমাত্র অপরাধ--নৌকায় ভোট দিয়েছিল।
ওই যে অদূরে দাঁড়িয়ে মিটমিটে শয়তানী-হাসি মুখে নিয়ে
দালাল কুদ্দুস মোল্লা ছাগল-দাড়িতে হাত বোলাচ্ছে
চোরা চোখে বারবার তাকাচ্ছে সামরিক-উর্দ্দি প্রভুদের দিকে
তাকে দেখে অবিকল জিব বের করা কুকুরের কথা মনে পড়ছে
চাউনিতে মনে হচ্ছে--এক্ষুণি ওদের পাগুলো চাটতে শুরু করে দেবে
ইলেকশনের অল্প ক'দিন আগে-
'নৌকায় যারা ভোট দেবে সবাই কাফের'--বলে ফতোয়া দেয়া শুরু করে দিলে
মারমুখি জনতার রোষানলে ফুটো-বেলুনের মতো চুপসে গিয়েছিল;
সেই জনতার মাঝে এই পাঁচ ছেলের দুইজনও ছিল।
আহ্! কত তাড়াতাড়ি প্রতিশোধের সুযোগ এসে গেল!
সেই মাথা-গরম জনতার বাকীদেরও এভাবেই ধরে
ঝাড়ে-বংশে শেষ করে দিতে হবে.......................................
বুলেটবিদ্ধ সাতটি দেহের ছটফটানি থামার আগেই
নির্জন মাঠের গর্তটি মাটি চাপা পড়ে যায়।
হানাদার জিপখানি সগর্জনে নতুন শিকার-সন্ধানে ছুটে............
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



