কলোনীর পাশে ফুটপাথে সাড়ি বাধা পলিথিন ঘর। বৃষ্টির প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য ইট চাপা, দড়ি দিয়ে বাধার প্রানান্তকর চেষ্টা। পাশে উন্মুক্ত ড্রেন বিষম দুর্গন্ধ ছড়াচ্ছে। খোলা ড্রেনের পাশে বৃষ্টিভেজা খোলা আকাশের নীচে বসে ৫/৬ বছরের একটা জীর্ন মেয়ে একটা বাটিতে গোটাকয়েক ভাত খাচ্ছে। ওর ঠিক সামনে বছর ২/৩ এর একটা উদোম গায়ের বাচ্চা ছেলে বসে প্রস্রাব করছে এবং গভীর আগ্রহ নিয়ে খাবারের দিকে চেয়ে আছে। সে এত কাছে বসে প্রস্রাব করছে যে তার প্রস্রাব সম্ভবত কিছু কিছু ছিটে ঐ মেয়েটার খাবারের মধ্যে পরছে। কিন্তু তাতে কারোই কোন ভ্রুক্ষেপ নেই। একজন খাচ্ছে, আরেকজন খেতে চাচ্ছে। আর উপর থেকে ঝিরি ঝিরি বৃষ্টির ধারা অবিরাম ঝরে চলছে।
কোন ক্যামেরা সাথে ছিল না। আমার চোখ ক্যামেরা হয়ে ছবিটা মস্তিষ্কে গেথেঁ দিয়েছে যা অনবরত কষ্ট দিয়েছে দীর্ঘক্ষণ। সংবিধান, ক্ষমতা, প্রভাববিস্তার নিয়ে আমাদের জনপ্রতিনিধিদের নিরন্তর ঝগড়া আর মানুষের ক্ষমাহীন আত্মকেন্দ্রিকতা (যা এ যুগের অভিশাপ) কিছু আদম সন্তানকে পশুর চাইতেও হীনতর জীবন দান করেছে।
চোখ বুজে থাকলেই কি ক্ষমা পাওয়া যায় ?
বিখ্যাত হতে চাই না, শুধু সেই ছবিটা তুলতে চাই, যেখানে দুটি শিশু হাসিমুখে পরম তৃপ্তির সাথে তার প্রাপ্য খাবার খাচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



