রাজারবাগ থেকে শান্তিনগরের দিকে রাস্তার মুখে মোট ৬জন পুলিশ। তার মধ্যে দু’জন ট্রাফিক পুলিশ, একজন সার্জেন্ট। রিকশা ঢুকতে বাধা দিতে এই বিশাল আয়োজন। বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, ভারী মালামাল বহনকারী সহ সবাইকে রিকশা থামিয়ে নামিয়ে দিচ্ছেন তারা । কারণ এ রাস্তা যান্ত্রিক যানবাহনের জন্য , প্রাইভেট কার এর জন্য । সাধারণের জন্য নয়। অথচ সাম্প্রতিক অনেক পর্যালোচনায়ই দেখা গেছে বর্তমানে ঢাকা শহরের রাস্তাগুলোর অন্তত ৫০% থাকে প্রাইভেট কার এর দখলে।যানজটের একটা প্রধান কারণ প্রাইভেট কার। অথচ মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্তরা মূলত ব্যবহার করছেন রিকশা। তাদের চলাচলের আর কোন উপায় নেই।
তাহলে প্রশ্ন, আপনারা রিকশা চলাচলে বাধা দিচ্ছেন কেন? প্রাইভেট কার যাতে সুন্দরভাবে চলতে পারে, সে জন্যে? গাড়ী বন্ধ করে যদি যানজট নিয়ন্ত্রন করতে চান তাহলে আগে বন্ধ করতে হবে প্রাইভেট কার।(আমি প্রাইভেট কারের বিপক্ষে নই, বরং সবার প্রাইভেট কার হোক সেটা কামনা করি)। আর রিকশা বন্ধ করে কোথাও যানজট স্থায়ী নিয়ন্ত্রন হয়েছে এটাও কিন্ত আমরা এখনো দেখিনি।
আর মানুষের জন্য বিকল্প ব্যবস্থা না করে আপনি তাদের সবচেয়ে প্রয়োজনীয় বাহন বন্ধ করে দিচ্ছেন, এটা জনগণের সাথে নিকৃষ্ট আচরণ।
আমাদের দেশের সাধারণ মানুষের সবচেয়ে বড় দু:খ হচ্ছে, দু:শাসনের খড়গটা তাদের ওপরই প্রথম নেমে আসে। কারণ, তাদের জন্য বলার কেউ নেই।
আর আমাদের সকল নিয়ম নীতি প্রণীত হয় এই সূত্রে- মাথা ব্যথা তো মাথা কেটে ফেল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



