ঢাকা, ২৯ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিভিন্নস্থানে চারদলীয় জোট প্রার্থীদের বিরুদ্ধে ভোটের আগের দিন টাকা ছড়ানোর যে অভিযোগ উঠেছে সে প্রসঙ্গে জোটনেত্রী খালেদা জিয়া বলেন, "এ অভিযোগ সঠিক নয়।"
সোমবার দুপুরে মতিঝিল আইডিয়াল হাইস্কুল ও কলেজ কেন্দ্রে ভোট প্রক্রিয়া দেখার পর উপস্থিত সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া দেন খালেদা জিয়া।
চট্টগ্রামে চারদলীয় জোটের এক প্রার্থীর আত্মীয়ের কথিত ভোট কেনার সময় ৪১ লাখ টাকা উদ্ধারের প্রসঙ্গে বিএনপি চেয়ারপার্সন বলেন, দুদিন ব্যাংক বন্ধ থাকায় ব্যবসার ওই নগদ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল।
ধীরগতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে চারদলীয় জোটনেত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা তখন ভোটগ্রহণের সময় বাড়ানোর অনুরোধ করেন।
বিএনপি চেয়ারপার্সন বলেন, "সুষ্ঠু নির্বাচনী পরিবেশে সুন্দরভাবে ভোটগ্রহণ হবে বলে প্রত্যাশা ছিল। কিন্তু অব্যবস্থাপনার জন্য ভোট দিতে দেরি হচ্ছে।"
চারদলীয় জোটের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন খালেদা।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দেওয়ার পর খালেদা জিয়া কুর্মিটোলা শাহীন কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, খিলখেত-কুর্মিটোলা হাই স্কুল, মধ্যবাড্ডা জমিয়াতুল ইসলামিয়া মিফতাহুল উলুম এতিমখানা,পশ্চিম রামপুরা একরামুন্নেসা ডিগ্রি কলেজ, কমলাপুর উচ্চ বিদ্যালয় ইত্যাদি কেন্দ্র হয়ে আইডিয়াল স্কুলে আসেন।
এর পর তিনি কামরুননেসা উচ্চ বালিকা বিদ্যালয়, সায়েদাবাদ আর কে চৌধুরী কলেজ, লালবাগ সরকারি প্রাথমিক স্কুল ও আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ ও শাহবাগ কেন্দ্রীয় গণগ্রন্থাগার কেন্দ্র হয়ে বেলা সাড়ে তিনটায় মইনুল রোডের বাড়িতে ফিরে যান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


