বাবা
(উৎসর্গঃ ইরাবতী)
জ্বলছে ঘরে ধূপকাঠি আর গোলাপ জলের মিষ্টি সুবাস,
মাটির কোলে নিথর দেহ- কাফনে জড়ানো বাবার লাশ।
অশ্রুভেজা মায়ের দু’চোখ, শোক জমানো পাথর বুক,
এলোমেলো দৃষ্টি যে তার, খুঁজছে কোথায় হারানো সুখ।
ঘুমিয়ে আছেন বাবা আমার- ভাঙ্গবেনা সেই ঘুম কখনো,
স্বপ্নে দেখি বাবা যে আমার- বলছে খুকী, ঘুমোস এখনো?
বিছানা ছেড়ে লাফিয়ে উঠি, কোথায় গেলো বাবা আমার?
কেউ কোনদিন আসে কী ফিরে, চলেই যদি যায় ওপাড়?
বাবা, তুমি আজ অনেক দূরে- রয়েছো তবুও বুকটা জুড়ে,
পারিনা কেন ভুলতে তোমায়? একবার এসে যাওনা ঘুরে।
কোথায় আছো, কেমন আছো- ইচ্ছে যে হয় জানতে ভারী,
তোমার ঘরে নেই তুমি আজ- তেমনি আছে সাজানো বাড়ী।
(সংশোধিত)
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


