তেল সমাচার (রম্য কবিতা)
সর্ষের তেলের মতোই ঝাঁঝাঁলো ছিল যশোরের নার্গিস
আর আমি ছিলাম নিতান্তই সাদামাটা, একদম নিরামিষ।
সয়াবিন তেলের মতোই বিশুদ্ধ আর ঝুঁকিহীন অনিন্দিতা,
প্রথম দেখাতেই আমার মনে জ্বালিয়েছিল প্রেমের চিতা।
এক্সট্রা ভার্জিন অলিভ ওয়েলের মতোই স্প্যানিস মার্গারেট,
আমার চেয়েও বেশী মনোযোগ পেতো তার আদরের পেট।
চাইনীজ কুকিং অয়েল বোতলের মতোই ছিমছাম ওয়েন্ডী,
সবকিছুতেই চুলচেরা হিসেব মেয়েটা আসলেও ছিল জেদী।
তিলের তেলের মতোই খুব মোলায়েম ছিল নন্দিতার মন,
সবকিছু বুঝে ওঠার আগেই বিয়ে করে চলে গেলো লন্ডন।
কালিজ্বিরার তেলের মতই একটু চোখের আড়ালে ছিল জুলি,
এক বৃষ্টিভেজা দিনে রিক্সায় বাড়ী ফিরলাম দুজনে- কি করে ভুলি!
নারকেল তেলের মতোই সহজলভ্য মনে হতো লীনার ভালবাসা,
সাহস করে যারাই কাছে ঘেষেঁছিল তাদের সবার মনেই হতাশা।
কেরোসিন তেলের মতো মন পোড়ানোর ক্ষমতা রাখতো রুবি,
ওর কারণেই আমার মতো অনেকেই হয়ে উঠেছিল স্বভাব কবি।
হরেক রকম তেলের সাথেই আমার পরিচয়টা যেন দীর্ঘকালের,
অথচ মর্দন উপযোগী তেলের অভাবে জীবন বিকল, সব দোষ কপালের!
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১১ রাত ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


