অসাধারণ একজন
সবকিছু মিলিয়েই তুমি অসাধারণ,
তাইতো অতি সাধারণ এই আমার দিকে
কখনো সেভাবে তাকাওনি।
তোমার হরিণী চোখের মায়াবী দৃষ্টিতে উপেক্ষার আগুন-
আমি সেই আগুনে শুধু পুড়ছি আর পুড়ছি।
তোমার চুলের ভাঁজে অশান্ত ঢেউয়ের নাচন,
আমি এলোমেলো হই পরিপাটি ভাবনায়,
বাতাসে নিবিড় হুলস্থূল, আনমনে বসন্ত ফিরে ফিরে যায়।
তোমার গোলাপি ঠোঁটে নিকোটিন হাসি-
আমি বেহাল যুবক, উচ্ছন্নে যাবার বৃত্ত আঁকি;
দৃপ্ত পদভার ক্লান্তিতে ন্যুয়ে আসে,
ভালবাসার শিরদাঁড়াতে টের পাই শীতল অনুভব।
তোমার চিবুকের তিল কেড়ে নেয় আমার সকল উপমা,
আমি দৈন্যতা নিয়ে ফিরি শূন্য ঘরে-
কবিতার সব আলো নিভে যায় শব্দগ্রাসী বাতাসে,
আমি আরো নিঃস্ব হতে থাকি।
এক অসাধারণের মাঝে নিজেকে বিলিয়ে দেবো বলে
অতি সাধারণ এই আমি নিজেকে অন্ধকারে লুকিয়ে রাখি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


