প্রতিজ্ঞা নয় প্রতীক্ষা
তুমি ডাকলেই আমি ফিরতে পারি,
তুমি ডাকবেনা সে’ও আমি জানি;
না ডাকলে আমি ফিরবোনা তুমিও জানো।
দুজন দুজনকে এতো বেশী জানি বলেই
দুজনের মাঝে এতো দ্বন্দ্ব, এতো মান অভিমান।
জানি তোমার প্রতিটি অপেক্ষার রাত ভোর হয়,
অপেক্ষা বৃথা জেনেও তুমি প্রহর সাজাও-
আমিও তা’ই করি-
তুমিহীন এক নিঃসঙ্গ প্রহরে ডুবে থাকি।
এমন করে ডুবতে ভালই লাগে,
ভাল লাগে সময়ের স্রোতে ভেসে যেতে।
এভাবেই ভাসতে ভাসতে কোন এক বাঁকে
এতদিন হয়তো আবারো দেখা হবে দুজনে।
সেদিনও কি মুখ ফিরিয়ে থাকবে?
নাহ্- আমি তোমার কাছে ফিরে আসবো তা নয়,
তুমিও ভুল করে আমায় ডাকবে সেটাও নয়।
গোলাকার এই পৃথিবীর বৃত্তাকার পথে
তুমি আমি যেদিক ফিরেই হাঁটিনা কেন
কোন না কোন মুহূর্তে দেখা হতেই পারে।
প্রতিজ্ঞা নয়, জেদের বশেই হয়তো ডাকবেনা,
আমারো সেই একই কথা- তবুও না ডেকে পারবো কি?
প্রতিজ্ঞা নয়, শুধু প্রতীক্ষায় মুখ ফিরিয়ে আছি,
যদি একবার ডাকো- যদি একবার
ভুল পথে দেখা হয়ে যায় দুজনার;
সেদিন এই প্রতীক্ষার অবসান হবে কি?
বাঁকা পথে আর নয়, এমন প্রতিজ্ঞায়
দুজন হাত মেলাবো কি?
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১১ সকাল ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


