মানুষ কত রকম দূর্বলতা নিয়ে জন্মায়। কেউ জন্মসূত্রে তোতলা হয়, কেউ ফোকলা হয়, কেউ বামন হয়, কেউ কেউ জন্মান্ধ। আমার একটাই দূলতা, তবে এটি জন্মসূত্রে কিনা জানিনা, মেয়েদেরকে আমি ভীষণ পছন্দ করি। আমাদের দেশে চরিত্রহীনতার প্রধান লক্ষণ এটি। আপনি ঘুষ খান, সমাজের লোক সমীহ না করলেও ঘৃণা করবে না, বড়জোর ঈর্ষা করতে পারে। আপনি খুনী হোন, সন্ত্রাসী হোন, মাদকসেবী কিংবা ব্যবসায়ী যাই হোন, কেউ আপনার চরিত্রের দিকে আঙ্গুল তুলে দেখাবে না। কিন্তু আপনি যদি বিবাহিত হোন , তারপরও কোন পরনারী যদি আপনার হৃদয়ে মৃদু ঢেউ তোলে এবং সেই আলোড়ন যদি কোনক্রমে প্রকাশ হয়ে পড়ে, তবেই আপনি চরিত্রহীন।
এ সমাজ চরিত্রবান মানুষ চায়। এই সমাজ এমন নারীপরুষ চায় যাদের কামের চেয়ে নিষ্কামবোধ বেশি থাকবে। এই মরার দেশে প্রেম করা সমস্যা, প্রেমে পড়া সমস্যা, প্রেম নিয়ে ভাবাটাও কবীরা গুণাহর পর্যায়ে পড়ে। আপনার বিয়ে হয়ে যাবার পরও মেয়েরা ১৮- তে পা দেবে
এমনিক আপনি মরে যাবার পরও মেয়েরা ১৮ তে পা দেবে। এই নিয়ে চিত্ত বিচলিত হওয়া যাবে না।
আমি এই দেশের এইসব অলিখিত কিন্তু অলঙ্ঘনীয় সংবিধানগুলো বুঝি, তবুও চিত্তে অবিচল থাকতে পারি কই। এই মাত্র গাড়ির জানলায় বসে যে মেয়েটি অন্যমনস্ক হয়ে ম্যাগাজিন পড়তে পড়তে ছুটে গেলে, তাকে এক ঝলক দেখে কেন আমার বুক দুরু দুরু করে। এক সেকেন্ডের জন্য দেখা মেয়েটিকে নিয়ে কেন আমি পুরো একটি ঘন্টা ঐ রাস্তায় দাড়িয়েই ভাবি। কেন ফুটপাতের ধারের ঠং দোকানের সিগারেট ধরাতে ধরাতে মনে হয় , আহা বেশ ছিল মেয়েটি। তার সাদা জামা, থম মেরে থাকা চুল, আহা খুব ভালো শ্যাম্পু মাখে বোধহয় কিংবা কী যেন ম্যাগাজিন পড়ছিল। ওখানে কী আশ্চর্য যাদুমন্ত্র লেখা আছে, কার লেখা এতো মনোযোগ দিয়ে পড়ছে, কোন সে ভাগ্যবান লেখক।
আমি সেই কাল্পনিক লেখকটাকে নিয়ে কিছুক্ষণ ঈর্ষায় ভুগি।এর কিছুক্ষণ পর লেখককে বাদ দিয়ে ঐ গাড়ির ড্রাইভারকে নিয়ে জ্বলুনি শুরু হয়। নাইবা হতে পারলাম ঐ লেখক, যার লেখা ওই মেয়েটি পড়ছিল; নাইবা হতে পারলাম হাবিবের মতো গায়ক যার গান বাজছিল গাড়িতে , নাইবা হতে পারলাম এমবিএ ডিগ্রিধারী কোন কর্পোরেট এলিজেবল ব্যাচেলর, একদিন যে লোকটা ওই মেয়েটাকে ছিনিয়ে নেবে অনেক পুরুষের মধ্য থেকে । অন্তত: ঐ গাড়ির ড্রাইভার হতে পারার মতো যথেষ্ট দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তো থাকতে পারতো এই জীবনে ...
কিছুই হতে পারলাম না, না কেরানি না কবি ...না ড্রাইভার না ব্যাচেলর ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

