কর্ণেল তাহের, আমরা ভুল স্বপ্ন দেখেছিলাম,
আমাদের ব্যারাকগুলো হয়ে ওঠে নি যৌথ খামার;
বরং প্রতিটি ব্যারাক এখন বোধ হয় শোষণের কারাগার।
কর্ণেল তাহের, আমরা ভুল স্বপ্ন দেখেছিলাম,
যিনি শপথ নিয়েছিলেন শ্বাপদমুক্ত একটি বাংলাদেশ গড়বার;
আমরা তাঁকে উপহার দেই গণকবরের নিবিড় নিকষ অন্ধকার।
কর্ণেল তাহের, আমরা ভুল স্বপ্ন দেখেছিলাম,
আমরা ভেবেছিলাম সিপাহী জনতা মিলে বদলে দেবো বাংলাদেশ;
অথচ ক্রমাগত আত্মঘাতী রক্তক্ষরণ আমাদেরকে করে নিঃশেষ।
ভুল স্বপ্ন, ভুল বিন্যাস-
আমাকে পাগল করে,
আমাকে পাগল করে-
মাংসের পোড়া গন্ধ, আর বুড়িগঙ্গায় ভেসে যাওয়া লাশ।
সীমান্তের অতন্দ্র প্রহরী দু'টি চোখ,
যখন হায়েনার মত খুঁজে ফেরে
আমারই ভাইয়ের জীবন্ত শরীর;
তখন বলতে বাধ্য হই-
কর্ণেল তাহের, আমরা ভুল স্বপ্ন দেখেছিলাম।
ভুলের বৃত্তে দাঁড়িয়ে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে
জানতে ইচ্ছে করে-এদেশ কি তবে আমাদের নয়?
যখন আবার আমরা ভুল করে
হারিয়ে যাবো বিস্মৃতির অতলে,
ভীষণ ভুলের সেই আকালে
পেছনে পড়ে থাকে একগুচ্ছ জলপাই অন্ধকার,
আর পড়ে থাকে আমার মা কিংবা বোনের বুকফাঁটা হাহাকার।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



