ইচ্ছে-তুলো
সাদা কালো ইচ্ছে-তুলো ওড়ে বাতাসের ঢেউয়ে
উড়ে উড়ে ফেরে সাদা কালো পেঁজা তুলো মেঘ
কই মেঘ! সাদা পরীগুলো খেলে গগনের আরশীতে
ভাবনার অথৈ গহনে পুষে রাখা দায় আজ যারে
জড়িয়ে কমলা রঙ সূর্য্যটা হাসে পশ্চিমের আকাশে
অস্তাচলের সবকোণ জুড়ে ছড়িয়েছে কমলার হাসি
পাখিদের ডানা ফেরার অবসরে সাঁঝের নীড়ে
কই পাখি! নিশ্চিন্তে বাতাসে উড়ছে ইচ্ছে-ডানা
ধানশিষে ঝিরিঝিরি উন্মাতাল হেমন্তের ছোঁয়া
কার্তিকের অনাবিল ঘ্রাণ মৃত্তিকার গন্ধ প্রবাহে
আনমনে দোলে সবুজাভ ডগা সুনিবিড় আয়েশে
কই সবুজ! ইচ্ছে-শিষ দোলে মৃদু চিরলা বাতাসে
প্রজাপতি-হৃদয় বিঁধেছে বুনোফুলের স্নিগ্ধ সুরভি
অবারিত খুলেছে সে ময়ুরের পেখম রাঙ্গা পাখা
সাতরঙ্গা বৃক্ষপাতা হয়ে দোলে দূর বনানির ফাঁকে
কই প্রজাপতি! সে ইচ্ছে-পাতা, সপ্ত বর্ণে আঁকা
চতুর্দশীর আকাশ প্রদীপ জেলেছে রুপালী রাতে
ধবল আলোর স্রোত ভাসিয়ে দিয়েছে দিক চক্রবাল
বিরহ-ভারে নত চাতকিনী চোখে পৃথিবী বিভোর
কই চাঁদ! ইচ্ছে-জোছনা চাদর মেলেছে ধরা-পর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

