তোমার ঘরে এসেছিলাম
তোমার-ই সূর্যমুখী ভাবনার জালালী কৈতর
এসেছিলাম উড়ে
তুমি কোলাহলে দেখনি ম্রিয়মান এই নক্ষত্র
বিশ্বাস করো,
আমি ছিলাম এমন সবুজ বৃষ্টি
যে পারতো তোমার বেদনার স্মৃতিগুলো তোলে নিতে
অথচ সেদিন তুমি পুড়ে যাওয়ার ভয়ে
বাড়াওনি হাত
দেখতে চেষ্টা করোনি
এই উষ্ণ চরে মাথা রেখে সবুজ ঘাসের কাঁচা গন্ধ
অতপর চুম্বন না দিয়ে জিগ্যাসিলে,
এখনও কি চায়ের কাপে ধূয়া উড়ে?
শূন্য নগর
গহীন রাত
জ্বলে বসরার গোলাপ
মরে নাজুক শরীরে আকাশের নক্ষত্র
চৈত্রের রোদে জলশূন্য হয় সুরমা নদী
ক্যাটলের নীচে হাবিয়া দোজখ
উড়ে ধুঁয়া
শুধু ধুঁয়া আর ধুঁয়া
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




