দুপুর ২'টার বিটিভি-তে তারেক মাসুদ আর মিশুক মুনীরের অন্তিম যাত্রায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দেয়া দেখছিলাম। আমার আদুরে মেয়ে রোজা বার বার খেলা ছেড়ে ছুটে আসছে মা এই অসময়ে টিভিতে কি দেখছে তা দেখতে।
একটু পর রোজা জিজ্ঞেস করলো, "এখানে কি হচ্ছে?"
আমি বললাম, "এরা অনেক বড় মানুষ ছিলেন, অনেক কিছু করেছিলেন আমাদের দেশের জন্য। গতকাল তাঁরা গাড়ী একসিডেন্ট করে মারা গেছেন; তাই আজকে তাঁদেরকে শহীদ মিনারে এনে রাখা হয়েছে আর সবাই ফুল দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছে।"
ও কি বুঝলো জানিনা, চুপ করে দেখতে থাকলো।
অল্প কিছুক্ষণ পর বঙ্গবন্ধুর উপর একটি অনুষ্ঠান শুরু হলো; বঙ্গবন্ধুর ধানমন্ডিস্থ ৩২ নাম্বার বাসাটি দেখাচ্ছে।
আমার মেয়ে তখন প্রশ্ন করলো, "মাম, এটা কার বাসা?"
আমি সংক্ষেপে উত্তর দিলাম, "বঙ্গবন্ধুর।"
সে আবার জিজ্ঞেস করলো, "বঙ্গবন্ধুর কি হয়েছে?"
আমি বললাম, "উনিও অনেক বড় একজন মানুষ ছিলেন, আর উনিও মারা গেছেন।"
"কিভাবে, মাম?" রোজার প্রশ্ন।
আমি বললাম, "কতগুলো দুষ্ট লোক তাঁকে বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলেছে।"
সে এবার কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলো; এরপর আবার আমাকে জিজ্ঞেস করলো, "বঙ্গবন্ধু কোন দেশের লোক ছিলো, মাম?"
আমি আশ্চর্য হয়ে উত্তর দিলাম, "কেন, আমাদের এই বাংলাদেশের।"
সাথে সাথেই সে আবার আবার জিজ্ঞেস করলো, "আর ঐ দুষ্টু লোকগুলো?"
আমি বললাম, "ওরাও আমাদের দেশের লোক।"
সে তখন ভয়ার্ত গলায় চিৎকার করে বলতে লাগলো, "আমিতো কিছুই বুঝতে পারছিনা; এটা কিভাবে হলো! এটা কিভাবে হলো, মাম? ওরা নিজের দেশের মানুষকে গুলি করে মেরে ফেললো! এটা কিভাবে হলো, মাম?"
আমি তার এই প্রশ্নের উত্তর দিতে পারিনি; চুপ করে থাকা ছাড়া।
কারন, নিজের দেশের মানুষ নিজের দেশের মানুষকে মেরে ফেলতে পারে কিভাবে- এই কঠিন প্রশ্নের উত্তর আমার কাছে ছিলোনা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



