কিছু ভাবনা ছুঁয়ে যায় কিছু পথ হারায় ,
মন খারাপের ভারে কিছু দুমড়ে মুচড়ে যায় ।
ভাবনাদের কেউ কেউ পাবার আনন্দে পাখি হয়ে ওড়ে
না পাবার কষ্টে কেউ ডানা ভেঙে ঝাপটায় ।
অবাধ্য কেউ স্নানের জলের মতো ছুঁয়ে গড়িয়ে পড়ে
প্রশ্রয় পাবার আশায় কেউ বা কড়া নাড়ে অকারণ ।
আমাকে অবাক করে কিছু ভাবনা লুট হয়ে যায় -
বলবে কি , কোন গহীনে লুকিয়ে রাখো ?
খুঁজি ,তল পাই না ।
খুঁজে পেলে ইচ্ছে করেই
মনের উত্তর কোনের জানালায় রেখে দিতাম ,
শীত এসে যেই না ছুঁতো ,কেঁপে উঠতো ভাবনাগুলি ।
তোমায় ভেবে সোহাগে জড়িয়ে দিতাম ভালোবাসার চাদর;
তোমায় ছুঁয়ে আসা ভাবনা ! সে যে অনেক দামি ।
ওখানে আমি তোমায় পাই -
নিঃশ্বাসের গন্ধ ,এলোমেলো চুল
অবাক গভীর চোখ - সব পাই ।
ফেরত নিয়ো না । থাক না আমার কাছে
আমার হয়ে ।
তোমার প্রিয় কে তুমি এনে দিও সপ্তর্ষি
শুধু ভাবনাগুলো আমায় ।
৩১।১০।২০১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

