মনের গহীনে ছোট্ট একটা বেয়াড়া স্বপ্ন -
কোন এক দিন এক নির্জন দ্বীপে চলে যাবো আমি
তুমি যাবে ? বলতেই হেসে রাজি হলে
শর্ত একটাই তুমি দ্বীপের রাক্ষস হবে ।
হাসতে হাসতে বলেছিলাম , কেন রাজা বা রাজপুত্র নয় ?
কিন্তু তোমার এক কথা তুমি রাক্ষস হবে ।
আমায় খেয়ে ফেলবে , এতো পাগল তুমি !
সেই থেকে স্বপ্ন বোনা শুরু -
আমরা হবো দ্বীপের প্রথম মানব মানবী
ভালোবাসার এক নতুন পৃথিবী দেবো তোমায়
সাগরের সাথে আমার কথা হয়েছে
তোমার সব দুঃখ নেবে সে
বিনিময়ে আমাদের গোপন ভালোবাসার সঙ্গী হতে চায় ।
এই তুমি কি জানো , চোখ বুঝলেই আমি দেখি
এক দুষ্টু রাক্ষস রাজকন্যাকে তাড়া করছে
আর রাজকন্যা কপট ভয়ে পালিয়ে বেড়াচ্ছে
এক সময় রাক্ষসের কবলে রাজকন্যা
লজ্জাবতীর সব লজ্জা জমা হলো দু 'চোখে
নির্লজ্জ সাগর কেমন তাকিয়ে আছে !
রাজকন্যার বুঝি লজ্জা করে না !
দুষ্টু রাক্ষস তখন পৃথিবীর সবচেয়ে সুদর্শন রাজকুমার
সাধারণ আমি যেন স্বর্গের পথ ভুলে যাওয়া এক অপ্সরা !
এক সময় রাত নেমে আসে নির্জন সেই দ্বীপে
সমুদ্র ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে
তোমার নারকেল পাতার প্রাসাদে স্বপ্ন ঘুরে বেড়ায় ।
পাতার ছাউনি চুইয়ে জোছনা গলে পড়ে শয্যায়
সাথে দুই একটা তারা ,
শয্যায় বুনো ফুল এনে ছড়িয়ে দেবে তুমি
জোনাকিরা ব্যস্ত আলোক সজ্জায়।
খুব কাছাকাছি দু'জন ; হাতে হাতে রেখে আকাশের সাথে কথা বলা
ভালোবাসার উষ্ণতায় কেঁপে ওঠে নিঃশ্বাস
তারপর ? তারপর ভালোবাসার চাদর গায়ে জড়িয়ে আসবে ঘুম পরী ।
এই যে রাক্ষস তুমি শুনছো আমায় , কবে যাবে বলতো ?
প্রতিরাতে সাগর আমায় ডাকে
জোছনার হাত ধরে তারাগুলো অপেক্ষা করে ফুলশয্যায়
একা আমি অপেক্ষায় এক দুষ্টু রাক্ষসের ।
২৮/১১/২০১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



