সস্তা প্রসাধনীর আড়ালে শিউলি কবে সন্ধ্যা রানী হয়ে গেছে
সেই দিনটা আর মনে পড়ে না এখন ,
সোনার বাংলা সার্কাস ! সন্ধ্যা রানী !
মঞ্চে হাততালি , খিস্তি খেউর আর ছুঁড়ে দেওয়া টাকা ,
ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়ে যাওয়া পোশাক ! ব্যস্ত সন্ধ্যা রানী
দিনের আলোয় রাত্তিরের আঁধার ঢেকে রাখবার নিপুণ আয়োজন ।
মাটির দেয়ালের ফ্যাকাসে স্বপ্ন দুলতে থাকে সার্কাসের রিঙে ,
অচল ঘড়ির এক বোকা পেন্ডুলাম যেন !
অন্ধ ভাইয়ের বায়না , মায়ের ছেঁড়া শাড়ি আর নাই হয়ে যাওয়া বুবু !
এক ঝটকায় ভুলিয়ে দেয় সোনার বাংলা সার্কাসের ঝকঝকে রাত ।
খুব ভোরে ঘর থেকে বেরিয়ে যাওয়া অভিশাপ
ফিরে আসে বারবার ;
অপেক্ষায় সন্ধ্যা রানী ,
ঠিক ঠিক এক সূর্য ভোরে ছেড়ে যাবে অমাবস্যা ,
ভালোবাসার নরম আদরে কেঁপে উঠবে শিউলি ফুল।
কুয়াশায় ঢাকা পথে কেউ লাজুক দাঁড়িয়ে,
চিঠির ভাঁজে বুনো ফুল ,হাত বাড়ায় সন্ধ্যা রানী ,
দুহাতে সরাতে থাকে আঁটসাঁট পোশাকের ছায়া -
নকল রাজত্ব ,ঝাঁঝালো নূপুর আর জোকারের হাঁক -
এইবার ! এইবার ! সবার মন ভোলাতে আসছে রাতের রানী সন্ধ্যা রানী।
আপনারা আমন্ত্রিত । স্পেশাল ১২ টা ৩ টা শো ! আসুন ! মাতাল হয়ে যান !
ঐ তো হাসছে চোখের জলে আমাদের শিউলি , তোমাদের সন্ধ্যা রানী ।
চুপিচুপি কাঁদছে সোনার বাংলা সার্কাস !
নামছে ঝালর দেয়া কালো রাত , হুল্লোড়ে মাতাল পৃথিবী !
১৬/০১/২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


