অন্ধ !!! শব্দটা কখনো নিজেই অন্ধ !
আসা যাওয়ায় কেবলি হারায় ,
অন্ধকার ! সেটা কি আলাদা আলোর চেয়ে ?
নাকি কিছু কম আঁধার বা একটু বেশি !
না কালোর ওলটপালট !
তুমি যখন নীল বলো বুকের পাঁজরগুলো কেঁপে ওঠে ,
এটাই তো নীল !
সবুজ বলো তুমি ,
খুব কি বিশেষ রঙ তা ?
আমি তো ঘাসের স্পর্শে সুর খুঁজি
বুনো টিয়ের কণ্ঠে ছুঁয়ে যাই তোমার চোখের বাদামী ।
তুমি হলুদ গোলাপ ভালোবাসো ,
নাইবা চিনি তোমাদের হলুদ কমলার বিভেদ
ফুলওয়ালীর কাছে চেয়ে নেবো হলুদ
একটু ফিকে হলে সর্ষে ফুলে মেখে নিও তাতে ।
সাদা ! তা আমি ভালোই বুঝি ,
আমার জেগে থাকা যদি কালোয় হয়
তবে ঘুমগুলো সাদা হওয়াই স্বাভাবিক ।
সুরমা রঙের সন্ধ্যা আমি সেই কবে হারিয়েছি ,
তাই ও রঙ নিয়ে মাথা ব্যাথা নেই খুব ।
লাল ! লাল মানে তো পুড়ে যাওয়া ,
প্রতিরাতেই স্বপ্নরা পোড়ায় আমায় !
লাল একেবারেই ভালো লাগে না আমার ,
শুধু মেনে নিতে পারি তোমার সূর্য লাল টিপ ।
ওতে তোমায় মানায় বেশ ,
তো ? লালও দেখি আমি !
এখন বলো অন্ধ শব্দটা কি আমি !
না শব্দটা নিজেই !
১৮/০১/২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

