মনে পড়ে অনির্বাণ
সেদিন শিউলিতলা ?
একমুঠো ফুল সিঁথিতে দিলে ।
লজ্জা আমার তোমায় ছুঁয়ে সেই যে পালালো !
অনির্বাণ ! মনে পড়ে ?
এক বিকেলে খেলার ছলে আমায় ছুঁলে -
লাল ফিতে চুল , হাতের চুড়ি
অনির্বাণ ! ফুরিয়ে গেলে এমনি করে !
মনে নেই অনির্বাণ ?
প্রথম আদর , সূর্য কোমল
রাতের বুকে মুগ্ধ রোদ !
অনির্বাণ , কোথায় তুমি !
কবিতাগুলো খেলছে একা
তোমার আমার সেই সে খেলা ।
অনির্বাণ ! রানী পুতুলটা মনে আছে
তোমার রাজা , আমার রানী ?
কলেজ ফেরত অনির্বাণ
অন্যমনস্ক চশমাটা কি তেমনি আছে ?
চিলেকোঠার গোপন ভাষা খুঁজছে তোমায় ,
অনির্বাণ ! হেঁসেল ভরা এলোমেলো
হুটোপুটি নীল আঁচল ।
হারিয়ে গেছে অরুন্ধতী
আসবে ফিরে অনির্বাণ ?
হাতের মনে , চোখের বুকে ,
আসবে ফিরে অনির্বাণ ?
২২/০১/২০১২
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


