বায়নাটা ছিলো আমার !
এসো বেণী করে দেই তোমায়
রঙধনু রঙ ফিতে ,
কি রঙের টিপ ?
কাঁচ রঙ না ময়ূর পাখায় সাজবে ?
একটা লাল শাড়ি পরোনা আজ
বক রঙের কাঁচুলি ,
হাতভরা থাক ইলিশ রূপোলী চুড়ি ।
পায়ে শালপাতা জড়িয়ে একটু আলতা দিও ,
ঘাসফুল নূপুর তোমার শ্যামা পায়ে দুর্দান্ত যায় তো !
এবার তুমি হাঁটবে আমার উঠোন জুড়ে ,
দাওয়ায় বসে তোমার প্রজাপতি উচ্ছলতায় মাতাল হবো আমি ।
একসময় রাঙা বউয়ের পানমুখ - লাল ঠোঁট আমায় ছোঁবে ,
চমকে উঠে তোমায় খুঁজি ,
আট বেহারার পালকী এলে তুমি চলে গেলে কি !
আমার উঠোনে জোড়া পায়রা অন্ধ বোধে ওড়ে ,
ফিরবে তুমি , আসবে জানি ,অপেক্ষায় অবুঝ বিকেল ।
সন্ধ্যের আগেই আট বেহারার কাঁধে ফিরে এলো অভিমান !
ফিরলে না তুমি !
কোথায় হারিয়ে যাও ,কি করে হারাও !
বুকের কোনে এক বন্ধ বাতাস তাল পাখায় যায় ঘুম ,
খুব একলা হয়ে থাকবো বসে , জানি আসবে ,
আসবে তুমি অচিনপুরের পথে ।
এসো তুমি , এসো স্পর্শে ।
বিরহী ঢেউ এ দেবো ডুবসাঁতার ।
......একবার এমন বলবে আমায় ?
অবুঝ স্বরে বায়না করে বলবে ?
থাকো ,একটুখানি থাকো ।
১১/০১/২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

