রঙধনু দিনে এক সিঁড়ি উপহার দিয়েছিলে আমায়
কি যে সুন্দর এক একটা ধাপ !
বলেছিলে , শেষ পর্যন্ত যেতে পারলেই তোমার ঘর !
তুমি ঘর সাজাতে গেলে
আর আমি সিঁড়ি ভাঙতে শুরু করলাম ,
ভালোবাসায় মোড়ানো ধাপে আমি তুমির ছায়া !
ঝকঝকে কাঁচের স্বচ্ছতায় আমার সলাজ মুখ
তোমার আদরের রাজকন্যা !
একটা সিঁড়িতে ভালোবাসা তো আরেকটাতে সুখ
আদরে আদরে ভরা !
বিভোর আমি বেয়ে চলেছি ,
এক সিঁড়িতে অভিমানের সাথে দেখা
ও কথা বললো না ,
একটু বিব্রত আমি !
আর একটু এগুতেই দেখা অবহেলার ,
গম্ভীর এক মুখ ! তাচ্ছিল্যে নিষ্ঠুর !
ভয়ে শিউরে উঠলাম !
এরপর ,এরপর কি ?
ঘৃণা ! ভুলে যাওয়া !
ফিরে এলাম আমি
একটু একটু করে স্বপ্নের ঘর দূর থেকে দূরে ,
তোমার থেকেও ।
আমি নামছি , চোখে ও একটা নদী পাল্লা দেয় আমার সাথে ,
একবার ফিরে তাকাই ,
তারপর কি ছিলো আর
তুমি কি দিতে আমায় ?
আমি ভালোবাসা হারানোর ভয়ে ঘর হারালাম ,
তুমি এই মাটিতেই একটা ঘর বানিয়ে দেবে আমায় ?
যেখান থেকে ভালোবাসার শুরু
এই এখানেই , এখানেই মায়া ,এখানেই প্রেম !
০১/০২/ ২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

