হেলে পড়া সূর্যকে জিগ্যেস করি
বলুন, আগামীকাল আমার কি হবে?
আজ যাকে শরীরের মধ্যে
ভাঁজখোলা পোষাকের মতো পরিধান করে আছি
সেই ভেজা প্রেম শুকোবে কি আপনার রৌদ্রে?
আকাশ জবাব দেয় অনন্তরাতের কন্ঠেঃ
যে শ্রম নীরবে তপ্ত অসমাপ্ত যুদ্ধে
সেই সুখ বুঝতে পারো না, তুমি কেমন মানুষ!
পেছনে গোলাপী দিন, হাঁ খুব সুগন্ধী বয়সের অপভ্রংশ
সামনে মোহান্ত মুগ্ধ নিরবধিকাল
আমি তাকে কালো বলতে চাইনা আজও।
অথচ আমার পোষা পাখিগুলোর একটিও
উচ্চকন্ঠে গাইছে নাঃ
তোমার বিজয় অনিবার্য!
তাহলে কি পন্ডশ্রমের অক্ষরগুলো
আমার নখের নিচে মুখ লুকিয়ে রয়েছে-
নোংরা আর কুৎসিত প্রেমের মতো?
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১০ রাত ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


