হাজার কসম লাগে ন্যাকামো করো না আর
অনেক সয়েছি আমি, শেষ কথা বলে রাখি শুধু-
হুজ্জতে মেলে না জবাব; সাফ সাফ বলো আমি কার
মাগনায় কতকিছু মেলে, কত কী যে- মায় সম্মান
সব দেনা শোধ করে দেখ পারি কি না
নিতে তোমার আজাব, পারি কি না দিতে এই জান!
না, তোমার কী কসুর। মেঝেতে মাদুর পেতে
তুমিতো বসেছ 'চিল্লায়', আমি শালা যেন
মিসকিন কোনো, হুজুরের কাছে এসেছি দু'মুঠো খেতে;
অথচ আমি জানি কি রকম ভাবে বেঁচে আছি অহোরহ
(তুমি কি জানো জীবনের কয় দফা হয় বীর্যস্খলন?)
যেমন পতঙ্গ জানে মোমের শিখায় আছে কতো দাহ।
কতো মসকরা জানো তুমি, খেয়েছ আহ্লাদের মাথা
তবু শেষ অনুরোধ, শুধু এতোটুকু বলো আমি কার?
কার প্রেমে দিনরাত্রির মনোব্যাকুলতা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


