আমার বাসার জানালা দিয়ে পাশের বিল্ডিং এর একটা ফ্ল্যাট দেখা যায়। বোঝা যায় ঐ বাসার স্বামী-স্ত্রী দুজনেই বাইরে কাজে যান। একটা মেয়ে, ঘরের কাজ করে, আমার বড়মেয়ে আবার কিচেনের পাশের জানালা দিয়ে মাঝে মাঝে তার সাথে ভালোই আড্ডা দেয়।
প্রতিদিনই ঐ বাসা থেকে পোড়া গন্ধ পাই। পাশের বাসার ভাবী গত পরশু বাসায় এসেছিলেন। তখন আলাপ প্রসংগে বললেন সে কথা। "ঐ বাসা থেকে প্রতিদিন কিছু না কিছু পোড়ার গন্ধ পান? বেচারা একা ঘরে মেয়েটা সামাল দিতে পারেনা মনে হয়। চাকরি করলে এইই এক সমস্যা..."।
আমি এখন আবার পোড়া গন্ধ পাচ্ছি। এত রাতে কী পোড়ালো কে জানে। ঘরের মানুষরা সবাই তো এই সময়ে থাকার কথা। মাঝে মাঝে মেয়েটা গৃহকর্ত্রীর ঝাড়ি-টাড়ি খায়, শুনি...আজকেও খাবে নির্ঘাত!
বহুক্ষণ যাবৎ ফেইসবুকে একটা অ্যাপ্লিকেশন নিয়ে ঘাঁটাঘাঁটি করছি। হ্যালোইনের বিভিন্ন প্র্যাঙ্ক এর ওর উপর চাপিয়ে দেওয়া ব্যাপার সেপার। আমার দুই মেয়ে মুগ্ধ হয়ে দেখছে, বড়টা আবার এটা-সেটা সাজেস্টও করছে।
পোড়া গন্ধটা বেশ তীব্র হচ্ছে। এই রাতের বেলা, কী যে যন্ত্রণা, রীতিমত আমার ঘরে ঢুকে গেছে গন্ধটা এমনভাবে, যেন আমিই কিছু পুড়িয়ে ফেলেছি।
কিন্তু...আমি কি চুলায় কিছু দিয়েছিলাম? কালকের সকালের নাস্তার জন্য হালুয়া??
ওহ্ মাই গড!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


